২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

পিরোজপুরে পিকআপের ধাক্কায় চীন মৈত্রী সেতুর রেলিং বিধ্বস্ত

সেতুর ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করছে সড়ক ও জনপথ বিভাগ।

পিরোজপুরে পিকআপের ধাক্কায় চীন মৈত্রী সেতুর রেলিং বিধ্বস্ত
পিরোজপুরের চীন-মৈত্রী সেতু।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2025, 05:02 PM

Updated : 26 Aug 2026, 02:23 PM

পিরোজপুরে কাউখালি উপজেলায় একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে চীন-মৈত্রী সেতুর রেলিংয়ে ধাক্কা দিয়েছে। এতে সেতুর রেলিংয়ের একটি অংশ ভেঙে গেছে। তবে কেউ হতাহত হয়নি। 

মঙ্গলবার সকালে কঁচা নদীর ওপর নির্মিত সেতুর উপজেলার বেকুটিয়া অংশে এ ঘটনা ঘটে বলে জানান কাউখালী থানার ওসি মো. সোলায়মান।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঝালকাঠীর রাজাপুর থেকে একটি পিকআপ পিরোজপুরের দিকে যাচ্ছিল। পথে কাউখালি প্রান্তে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে অষ্টম চীন-মৈত্রী সেতুর রেলিংয়ে ধাক্কা দেয়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার পরপর পিকআপ রেখে পালিয়েছে চালক। 

খবর পেয়ে পুলিশ এবং সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পিকআপটি সরিয়ে নেন। সেইসঙ্গে সেতুর ক্ষতিগ্রস্ত অংশের মেরামত কাজ শুরু করা হয়। এ ছাড়া পিকআপটি কাউখালি থানা হেফাজতে রয়েছে।

ওসি সোলায়মান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সেতুতে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়। 

এ ঘটনায় সড়ক ও জনপথ বিভাগের এক কর্মকর্তা সরকারি সম্পদ নষ্টের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছেন বলে জানান তিনি।

পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ বলেন, সেতুর ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করা হচ্ছে। এ ছাড়া যানবাহন চলাচল স্বাভাবিক আছে।