২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ডেঙ্গু পরীক্ষায় বেশি ফি নেওয়াসহ বিভিন্ন অনিয়মে ৮ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরের কচুয়ায় দণ্ড পাওয়া প্রতিষ্ঠানগুলো ভবিষ্যতে আর অনিয়ম না করার অঙ্গীকার করেছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2025, 07:35 PM

Updated : 26 Aug 2026, 05:17 PM

চাঁদপুরের কচুয়া উপজেলায় ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়সহ বিভিন্ন অভিযোগে আট প্রতিষ্ঠানকে এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা বাজারে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

প্রতিষ্ঠানগুলোর মালিক তাৎক্ষণিক জরিমানার অর্থ পরিশোধ করেন এবং ভবিষ্যতে আর অনিয়ম না করার অঙ্গীকার করেছেন।

আব্দুল্লাহ আল ইমরান বলেন, বাজারের রয়েল বেকারিতে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ তারিখ ছাড়া খাদ্য দ্রব্য প্রস্তুতের করার সত্যতা পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। 

এ ছাড়া সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডেঙ্গু পরীক্ষা করার দায়ে কচুয়া সিটি হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার এবং কচুয়া টাওয়ার অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান তিনি।

একই সময় কচুয়া টাওয়ার ফার্মেসিতে ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি করার দায়ে প্রতিষ্ঠানটিতে ১০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আল ইমরান।

এ ছাড়া ফ্রিজে বাসি খাবার রাখা, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের কারণে ‘তিপ্তি মিনি চাইনিজ রেস্টুরেন্টকে’ ২০ হাজার, হোটেল নিউ সাদিয়াকে ১০ হাজার, জনতা বনফুল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ১০ হাজার এবং নিউ জাহাঙ্গীর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান তিনি।

অভিযানের সময় অন্য প্রতিষ্ঠান পরিদর্শন, জনসচেতনতা বৃদ্ধি এবং ভোক্তা অধিকার লঙ্ঘন প্রতিরোধে লিফলেট বিতরণ করা হয়। 

এতে সহযোগিতা করেন চাঁদপুর জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম, কচুয়া উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর মো. আহসান উল্লাহ তালুকদার এবং যৌথ বাহিনীর একটি দল।