Published : 29 Jan 2026, 10:00 PM
এক স্বৈরাচারকে সরিয়ে নতুন স্বৈরাচারকে ক্ষমতায় বসাতে না চাওয়ার কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার সন্ধ্যায় নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পোস্ট অফিস রোডে এনসিপি ও ১১ দলীয় জোটের নির্বাচনি জনসভায় তিনি বলেছেন, “এক স্বৈরাচারকে সরিয়ে নতুন স্বৈরাচারকে ক্ষমতায় বসাতে চাই না, সেজন্য আমরা গণঅভ্যুত্থান করিনি।”
বিএনপির দিকে ইঙ্গিত করে এনসিপির আহ্বায়ক বলেন, “একটি দল জাতির সঙ্গে প্রতারণা করে সংস্কার চাচ্ছে না। লুটপাট ও অর্থ পাচারের পরিকল্পনা করা হচ্ছে। দেশের অর্থনীতি ভেঙে পড়েছে। অর্থনীতি চাঙা করতে হলে ঐক্যবদ্ধ হতে হবে।
“তবে এর আগে দুর্বৃত্তদের রাজনীতি ধ্বংস করতে হবে। চাঁদাবাজির রাজনীতির কাছে সম্ভাবনা নষ্ট হয়ে যাচ্ছে।”
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ‘শাপলা কলি’ এবং ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সমর্থন প্রত্যাশা করেছেন নাহিদ ইসলাম।
জনসভায় এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, “একটি দল নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে সহিংস রূপ ধারণ করছে। তারা হত্যা, চাঁদাবাজি এবং আওয়ামী লীগ গত ১৭ বছরে যে অভিজ্ঞতা দিয়েছে বিগত ১৭ মাসে তারা সে ধরনের অভিজ্ঞতা দিয়ে যাচ্ছে।
“আমরা আওয়ামী লীগকে বিতাড়িত করেছিলাম তাদের কর্মের জন্য। আবারও নির্বাচনকে কেন্দ্র করে জুলাই গণঅভ্যুত্থানের সকল শক্তি ১১টি দল ঐক্যবদ্ধ হয়েছি। যারা আবারও আওয়ামী লীগ হতে চায়, যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিপক্ষে কথা বলে ১২ ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে তাদেরকে বিতারিত করব।”
এনসিপি নরসিংদী জেলা শাখার আহ্বায়ক ও নরসিংদী-২ (পলাশ) আসনের প্রার্থী সারোয়ার তুষারের সভাপতিত্বে সমাবেশে এনসিপি ও ১১ দলীয় জোটের স্থানীয় নেতারা বক্তব্য দেন।