Published : 01 Jul 2026, 08:28 PM
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ার্ড বয় ও ইন্টার্ন নার্সিং শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। পরে এ ঘটনা তদন্তে কমিটি করেছে কর্তৃপক্ষ।
বুধবার দুপুরের দিকে হাসপাতালের বহির্বিভাগের নিচতলায় সার্জিক্যাল মাইনর অপারেশন থিয়েটারের ড্রেসিং রুমে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন-প্রশিক্ষণ) মোহাম্মদ বদরুল আমিন বলেন, এই ঘটনার কারণ অনুসন্ধানে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন দিনের মধ্যে কমিটি প্রতিবেদন দেবে। তার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সংঘর্ষে চার-পাঁচজন আহত আছে।
আহতদের মধ্যে নার্সিং শিক্ষার্থী তাহমিদ, শাকিল, রবিউল আউয়াল শুভ ও প্রীতম রঞ্জন দাশের নাম জানা গেছে। তারা হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডে চিকিৎসা নিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুই দিন আগে হাসপাতালের ইন্টার্ন দুই নার্সিং শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ ওঠে আউটসোর্সিংয়ের ভিত্তিতে নিয়োজিত দুই ওয়ার্ড বয় জামাল ও অঞ্জনের বিরুদ্ধে। এ ঘটনার জেরে বুধবার বেসরকারি নার্সিং কলেজের কয়েকজন শিক্ষার্থী অভিযোগের বিষয়ে জানতে ড্রেসিং রুমে যান।
পরে সেখানে কথা কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষ হয়। এ সময় ওটি রুমের কাঁচ, চিকিৎসা সরঞ্জাম ও আসবাবপত্র ভাঙচুর করা হয়। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হয়।