১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

কুড়িগ্রামে ঝড়ে ঘাটে বাঁধা নৌকার আঘাতে যুবক নিহত, নিখোঁজ ১

নিখোঁজের সন্ধানে নদীতে তল্লাশি চালাচ্ছেন স্বজন ও এলাকাবাসী।

কুড়িগ্রামে ঝড়ে ঘাটে বাঁধা নৌকার আঘাতে যুবক নিহত, নিখোঁজ ১
কুড়িগ্রামের চিলমারী থানা।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2026, 03:10 PM

Updated : 26 Aug 2026, 03:10 PM

কুড়িগ্রামের চিলমারী উপজেলায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ঘাটে বাঁধা নৌকার আঘাতে এক যুবক নিহত হয়েছেন। এ সময় ব্রহ্মপুত্র নদের পড়ে গিয়ে নিখোঁজ রয়েছেন আরও এক যুবক।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কড়াইবরিশাল ইউনিয়নের গাজীরপাড়া এলাকায় ব্রহ্মপুত্র নদের তীরে এ ঘটনা ঘটে বলে জানান স্থানীয় ইউপি সদস্য আঙ্গুর মিয়া।

নিহত মিন্টু মিয়া (৩৬) ওই এলাকার শাহার উদ্দিনের ছেলে। নিখোঁজ ফরিদ হোসেন (৩২) একই এলাকার ইসহাক আলীর ছেলে। তারা দুজনি নৌকার মালিক। নিখোঁজের প্রায় ১৮ ঘণ্টা পেরিয়ে গেলেও ফরিদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, রাতে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে প্রবল দমকা হাওয়াসহ ঝড় শুরু হয়। এ সময় ব্রহ্মপুত্র নদের ঘাটে বাঁধা নিজেদের নৌকা দেখতে যান মিন্টু মিয়া ও ফরিদ হোসেন। ঝড়ের তাণ্ডবে ঘাটে বাঁধা একটি নৌকার দড়ি ছিঁড়ে মিন্টু মিয়ার শরীরের ওপর আছড়ে পড়ে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

অন্যদিকে ঝড়ের তাণ্ডবে ফরিদ নদে পড়ে নিখোঁজ হন। তবে বেলা ৩টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

ইউপি সদস্য আঙ্গুর মিয়া বলেন, ঘাটে বাঁধা নৌকা দেখতে গিয়ে আকস্মিক ঝড়ের কবলে পড়েন তারা। রোববার সকাল ৯টার দিকে মিন্টু মিয়ার দাফন সম্পন্ন হয়। তবে নিখোঁজ ফরিদকে উদ্ধারে নদীতে খোঁজাখুঁজি চালিয়ে যাচ্ছেন স্বজন ও এলাকাবাসী।

চিলমারী মডেল থানার ডিউটি কর্মকর্তা আছমা আক্তার বলেন, এ বিষয়ে থানায় কেউ অভিযোগ দেয়নি। পুলিশ খোঁজ খবর নিচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে।