Published : 29 Jan 2026, 04:04 PM
আওয়ামী লীগকে নির্বাচনের মাধ্যমে রাজনীতিতে ফিরিয়ে আনার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সোমবার বেলা সাড়ে ১২টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল স্টেশন রোডে এনসিপির জনসভায় তিনি বলেন, “গত ১৭ বছর ধরে বাংলাদেশের মানুষের ওপর নির্যাতন চালানো আওয়ামী লীগকে আবারও নির্বাচনের মাধ্যমে ফিরিয়ে আনার জন্য বিএনপির শীর্ষ নেতারা বিভিন্ন জায়গায় সাক্ষাৎকার দিচ্ছেন।
“খুনি যদি বলে, আজ তাকে ফাঁসি দিলে কাল আমাকে ফাঁসি দেওয়া হবে না তার নিশ্চয়তা কোথায়? তাহলে কি সেটাই ন্যায়বিচার?” সজীব ভূঁইয়ার দাবি, জুলাইয়ে সংঘটিত ‘গণহত্যার’ চিন্তা এখনও তাদের মাথায় রয়ে গেছে।
মৌলভীবাজার-৪ আসনের নির্বাচনি জনসভা এনসিপির আহ্বায়ক নাইদ ইসলাম বলেন, “১৬ বছর পর এ ভোট শুধু একটি নির্বাচন নয়, এটি একটি গণভোট। জনগণকে বিচার-বিবেচনা করে ভোট দিতে হবে।”
নির্বাচনে মিথ্যা প্রতিশ্রুতি ও বিভ্রান্তি থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “একটি দল সারাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। ১১ দলীয় জোটের প্রার্থীদের ওপর হামলা করছে এবং ভোট কেন্দ্র দখলের চেষ্টা করছে; যা আওয়ামী লীগের অতীত কর্মকাণ্ডেরই পুনরাবৃত্তি।”
বিএনপির দিকে ইঙ্গিত করে নাইদ ইসলাম বলেন, “একটি দল সারাদেশে ফ্যাসিস্টদের বিরুদ্ধে গণহারে মামলা দিয়েছিল, এখন নির্বাচনে এসে বলছে, মামলা তুলে নেবে, এটা তাদের ‘কূটকৌশল’, এতে আপনারা বিভ্রান্ত হবেন না।
“তারা ৩১ দফা থেকেও সরে এসেছে। একতরফা হামলা চলতে থাকলে জনগণ আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে এর জবাব দেবে।”
জনসভায় মৌলভীবাজার-৪ আসনে এনসিপির প্রার্থী প্রীতম দাসকে বিজয়ী করার আহ্বান জানানো দলটির আহ্বায়ক।
এ সময় শাপলা কলি প্রতীকের প্রার্থী প্রীতম দাস বলেন, শ্রীমঙ্গল ও কমলগঞ্জের মানুষের সুবিধার জন্য গণ-অভ্যুত্থানের পর অনেক কাজ করেছেন তিনি। নির্বাচনে বিজয়ী হয়ে চা শ্রমিকসহ এ এলাকাকে মডেল এলাকায় রূপান্তরিত করতে চান তিনি।
সভা শেষে একটি নির্বাচনি প্রচার মিছিল শ্রীমঙ্গল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।