Published : 04 Jun 2026, 06:31 PM
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বিদেশ ফেরত মামার বাড়ি থেকে ফেরার পথে নিখোঁজ এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বেগমগঞ্জ মডেল থানার ওসি মো. শামসুজ্জামান জানান, বৃহস্পতিবার বেলা ৩টার দিকে শরিফপুর ইউনিয়নের খানপুর গ্রামের একটি নির্মাণাধীন সেতুর নিচের খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ২৫ বছর বয়সী সাদ্দাম হোসেন শরিফপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হাসানপুর গ্রামের হকসাবের ছেলে।
তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহতের মামা মো. ইমাম আলী বলেন, “সাদ্দাম চট্টগ্রামে ইগলো কোম্পানিতে চাকরি করতেন। ঈদের ছুটিতে তিনি বাড়িতে এসেছিলেন। ঈদের আগে আবুধাবি থেকে তার মেজো মামা আইয়ুব দেশে ফেরেন।
“বুধবার বিকেলে সাদ্দাম সাইকেলে করে শরিফপুর ইউনিয়নের গয়েজপুর গ্রামে মামার বাড়িতে দেখা করতে যান। রাত ৯টার দিকে সেখান থেকে নিজ বাড়ির দিকে রওনা দেন। কিন্তু রাতে বাড়ি না ফেরায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।”
তিনি বলেন, বৃহস্পতিবার দুপুরে এক ব্যক্তি ফোন করে নির্মাণাধীন একটি সেতুর নিচে খালে মরদেহ পড়ে থাকার খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে স্বজনরা মরদেহটি সাদ্দামের বলে শনাক্ত করেন।
ওসি শামসুজ্জামান বলেন, “ঘটনাস্থলে সাদ্দামের মোবাইল ফোন ও হাতঘড়ি উদ্ধার করা হয়েছে। তবে তার ব্যবহৃত সাইকেলটি পাওয়া যায়নি।”
তিনি বলেন, “ঘটনার আসল কারণ উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”