কুয়াশা কেটে দৌলতদিয়া-পাটুরিয়া ও আরিচা-কাজিরহাটে ফেরি চলাচল শুরু
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে সাড়ে ১৪ ঘণ্টা এবং আরিচা-কাজিরহাট নৌপথে ১৪ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল।
ঘন কুয়াশায় সাড়ে ১৪ ঘণ্টা বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়া এবং ১৪ ঘণ্টা পর আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে।
শনিবার সকাল পৌনে ১০টায় মানিকগঞ্জের পাটুরিয়া থেকে রাজবাড়ীর দৌলতদিয়ায় এবং ১০টায় মানিকগঞ্জের আরিচা থেকে পাবনার কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) এর উপ-মহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) আব্দুস সালাম।
এর আগে শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টা থেকে ঘন কুয়াশায় নৌ-দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়ার পথে ফেরি চলাচল বন্ধ রাখা হয় বলে জানান বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন।
সালাহউদ্দিন বলেন, শুক্রবার সন্ধ্যার পর থেকেই কুয়াশা পড়তে থাকে। সোয়া ৭টার সময় নদীপথ অস্পষ্ট হয়ে যায়। সে সময় ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ছোটবড় মিলে ১৫টি ফেরি চলাচল করছে বলেও জানান তিনি।
এদিকে বিআইডব্লিউটিসি (আরিচা) এর সহকারি ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ বলেন, ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার রাত সোয়া ৮ থেকে ফেরি চলাচল বন্ধ করা হয়েছিল। মাঝ নদীতে হামিদুর রহমান ও ধানসিঁড়ি নামের দুটি ফেরি ঘাটের দিকে রওয়ানা হয়েছে।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক আব্দুস সালাম বলেন, “বর্তমানে সীমিত সংখ্যক ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। মাঝ নদীতে আটকা তিনটি ফেরি ঘাটে এসেছে।”
এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকাগুলোয় বেশ কিছু পণ্যবাহী ট্রাক ও দূরপাল্লার বাসসহ যানবাহন আটকা পড়ে। এতে ভোগান্তিতে পড়েন চালক, পরিবহন শ্রমিক ও যাত্রীরা।
সকালে ফেরি চলাচল শুরু হওয়ায় ঘাটে আটকে থাকা যানবাহনগুলোকে দ্রুত পারাপারের চেষ্টা চলছে।
