১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

নওগাঁয় গরুবোঝাই ভটভটি উল্টে ২ ব্যবসায়ী নিহত

হতাহতরা গরু কেনা-বেচার ব্যবসা করতেন। শনিবার সকালে তারা শ্যালো ইঞ্জিনচালিত ভটভটিতে করে গরু নিয়ে জয়পুরহাটের দিকে যাচ্ছিলেন।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2025, 12:02 PM

Updated : 26 Aug 2026, 02:32 PM

নওগাঁর ধামইরহাটে গরুবোঝাই ভটভটি উল্টে দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে ছয়-সাত জন।

শনিবার সকালে উপজেলার বিহারীনগর বাইপাস রাস্তায় ডাবল ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ধামইরহাট থানার ওসি ইমাম জাফর।

নিহতরা হলেন- আড়ানগর গ্রামের নাজিম উদ্দিনের ছেলে ভূট্টু (৪৫) ও একই গ্রামের জয়নুলের ছেলে নূর আলম (৩০)।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, হতাহতরা গরু কেনা-বেচার ব্যবসা করতেন। শনিবার সকালে তারা শ্যালো ইঞ্জিনচালিত ভটভটিতে করে গরু নিয়ে জয়পুরহাটের দিকে যাচ্ছিলেন। পথে বিহারীনগর বাইপাস রাস্তায় ডাবল ব্রিজ এলাকায় একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে ভটভটিটি নিয়ন্ত্রণ হারায়। 

এতে ভটভটিটি সড়কের পাশের খাদে পড়ে উল্টে গেলে চাপা পড়ে ঘটনাস্থলেই দুইজন মারা যায়। 

স্থানীয়রা ভটভটিতে থাকা অন্যদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

ওসি ইমাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।