এনসিপির অব্যাহতিপ্রাপ্ত নেতা তানভীরের উপর আদালত চত্বরে ডিম
বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
এনসিপির অব্যাহতিপ্রাপ্ত নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে গ্রেপ্তারের পর বগুড়া আদালতে আনা হলে তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে।
বুধবার দুপুরে বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেইসবুকে আপত্তিকর বক্তব্যের কারণে বগুড়া সদর থানায় গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে মামলা করেন এক বিএনপি নেতা। বুধবার ভোরে রাজধানীর মনিপুরী এলাকার একটি আবাসিক ভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বেলা সাড়ে ১১টার দিকে গাজী সালাউদ্দিন তানভীরকে বগুড়ার আদালতে হাজির করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।
ডিবির গাড়িতে তোলার সময় ছাত্রদলের নেতাকর্মীরা তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন এবং বিভিন্ন স্লোগান দেন। সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের সদস্যসচিব রাফিউল আল আমিন নেতৃত্বে এই বিক্ষোভ প্রদর্শিত হয়।
রাফিউল আল আমিন বলেন, “প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তার দৃষ্টান্তমূলক বিচার চাই।”
মামলার এজাহারে বলা হয়, ২৯ জুলাই গাজী সালাউদ্দিন তানভীরের ব্যক্তিগত ফেইসবুক আইডি থেকে প্রধানমন্ত্রীকে নিয়ে মানহানিকর ও উসকানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগ ওঠে। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
পরবর্তীতে সমালোচনার মুখে তিনি পোস্টটি মুছে ফেলেন। এ ঘটনায় ২ অগাস্ট বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল বাদী হয়ে সাইবার সুরক্ষা আইনে সদর থানায় মামলা করেন।
বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের ওসি ইকবাল বাহার বলেন, সাইবার সুরক্ষা আইনে করা মামলার পরিপ্রেক্ষিতে ঢাকা থেকে অভিযুক্ত গাজী সালাউদ্দিন তানভীরকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আরও পড়ুন:
