Published : 01 Aug 2026, 09:17 PM
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেইসবুকে পোস্ট দেওয়ার পর ‘গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ’ করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে দলের দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
শুক্রবার এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার পাঠানো নোটিসে তাকে কারণ দর্শাতেও বলা হয়েছে।
নোটিসে বলা হয়, তানভীরের বিরুদ্ধে ‘গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ’ ও সামাজিক যোগাযোগমাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন মন্তব্য করার অভিযোগ রয়েছে। বিষয়টির গুরুত্ব বিবেচনায় দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে তাকে অবিলম্বে সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
তার বিরুদ্ধে কেন পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে লিখিত আত্মপক্ষ সমর্থন, প্রয়োজনীয় তথ্যপ্রমাণ ও ব্যাখ্যা নোটিশ পাওয়ার দুই কার্যদিবসের মধ্যে জমা দিতে বলা হয়েছে।
সিলেট বিভাগের কয়েকটি জেলায় এনসিপির পদযাত্রায় হামলা ও বাধার জন্য ছাত্রদল ও যুবদলের নেতাদের দায়ী করে শুক্রবার ফেইসবুকে পোস্ট দেন তানভীর। ওই পোস্টে তিনি প্রধানমন্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর মন্তব্য’ করেন বলে অভিযোগ ওঠে।
বিষয়টি নিয়ে সমালোচনার পর পোস্টটি সরিয়ে নেওয়া হলেও এর স্ক্রিনশট ফেইসবুকে ছড়িয়ে পড়ে। এরপর নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে আরেকটি পোস্ট দেন তানভীর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তানভীর বলেন, “দল হয়ত মনে করেছে শৃঙ্খলা ভঙ্গ হয়েছে, তাই কারণ দর্শাতে বলেছে। আমি মনে করি আমার দ্বারা কোনো দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয় নাই।
“কারণ দর্শানোর জবাব দিব শিগগিরই। দলেও ফিরছি অল্প সময়ের মধ্যেই ইনশাআল্লাহ।”
এর আগে ২০২৫ সালের ২১ এপ্রিল তানভীরকে সাময়িক অব্যাহতি দিয়েছিল এনসিপি। তখন জেলা প্রশাসক নিয়োগে অবৈধ হস্তক্ষেপ এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের পাঠ্যবই ছাপার কাগজে কমিশন বাণিজ্যের অভিযোগ তুলেছিলেন তিনি। সে বিষয়ে তাকে সাত দিনের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছিল। পাশাপাশি তাকে কেন দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তাও জানতে চাওয়া হয়েছিল।
প্রায় এক বছর পর তার সাময়িক অব্যাহতির আদেশ প্রত্যাহার করে সাংগঠনিক দায়িত্বে ফিরিয়েছিল এনসিপি।