নোয়াখালীতে নিখোঁজ শিশুর লাশ মিলল খালে
“তার চোখ ও মুখসহ শরীরের বিভিন্ন অংশ ফুলে গেছে”।
নোয়াখালীর চাটখিল উপজেলায় দুদিন আগে নিখোঁজ এক শিশুর মরদেহ খাল থেকে উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকাল ১০টার দিকে উপজেলার বদলকোট ইউনিয়নের মেঘা গ্রামের খাল থেকে লাশটি উদ্ধার করা হয় বলে চাটখিল থানার ওসি মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী জানিয়েছেন।
মৃত আরিফ হোসেন (১৩) ওই গ্রামের জামাল হোসেনের ছেলে।
আরিফের লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের র্মগে পাঠানো হয়েছে। সে বুদ্ধিপ্রতিবন্ধী ছিল বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা বলছে, আরিফ মাঝেমধ্যে বাড়ি থেকে হয়ে সারারাত বাইরে থেকে আবার ফিরে আসত। শনিবার রাতে সে বাড়িতে না ফেরায় রোববার সকাল থেকে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন।
সোমবার সকালে স্থানীয় লোকজন খালে একটি মরদহে ভাসতে দেখে জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন দেন। পরে গিয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। খবর পেয়ে আরিফের মা থানায় গিয়ে ছেলের মরদেহ শনাক্ত করেন।
ওসি ফিরোজ উদ্দিন বলেছেন, “শিশুটির মরদেহ খালের পানিতে উপুড় হয়েছিল। তার চোখ ও মুখসহ শরীরের বিভিন্ন অংশ ফুলে গেছে। সুরতহাল প্রতিবেদনে মরদেহের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।”
