১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মাগুরায় সাকিবের বাড়িতে হামলা: অভিযোগ না পেলেও তদন্ত করছে পুলিশ

সাকিবের বাড়ির আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনার তদন্ত করছে পুলিশ।

মাগুরায় সাকিবের বাড়িতে হামলা: অভিযোগ না পেলেও তদন্ত করছে পুলিশ
আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের মাগুরার শহরের বাড়ি।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2026, 04:01 PM

Updated : 11 Sep 2026, 03:47 PM

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের মাগুরার শহরের বাড়িতে হামলার ঘটনায় কোনো অভিযোগ না পেলেও তদন্ত শুরু করছে পুলিশ। তবে এখন পর্যন্ত কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। 

ঘটনার পরদিন বৃহস্পতিবার সকালে শহরের কেশব মোড়ে সাকিবের বাড়ির আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার কথা জানিয়েছেন মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) খন্দকার খাইরুল হাসান।

বুধবার সন্ধ্যায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির রায় মাথায় নিয়ে ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নয়া দিল্লিতে একটি সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত থাকার কিছু সময় পর রাত ৯টার দিকে সাকিবের বাড়িতে হামলার ঘটনা ঘটে। 

হামলাকারীরা বাড়িতে ইট পাটকেল নিক্ষেপ, বোমা হামলা ও প্রধান গেইটে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা চালায়। ইটের আঘাতে বাড়ির কয়েকটি গ্লাস ভেঙে গেছে। তবে দ্রুত আগুন নিভে যাওয়ায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মাগুরা সদর থানার ওসি আব্দুল আল মামুন বলেন, “ঘটনার খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে যাই। বাড়ির গেইটে আগুনের কালো দাগ দেখা গেছে। সেখানে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আমার ধারণা, মোটরসাইকেলে এসে হামলাকারীরা এ ঘটনা ঘটিয়ে দ্রুত চলে যায়।”

প্রতিবেশী আহসান হাবিব বলেন, হামলাকারীরা বাড়ির গেইটে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা চালায়। এতে গেটের ওপরের অংশে কালচে পোড়া চিহ্ন দেখা যায়। একইসময় বাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া হলে জানালার কয়েকটি গ্লাস ভেঙে যায়। তবে আগুন দ্রুত নিভে যাওয়ায় বড়ো ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পৌঁছানোর আগেই হামলাকারীরা পালিয়ে যায়। 

এ বিষয়ে জানতে সাকিব আল হাসানে বাবা মাসরুর রেজা কুটিলকে ফোন করা হলে তার নম্বর বন্ধ পাওয়া যায়।

তবে পলাতক অবস্থায় থাকা নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের এক নেতার দাবি, “বড়ি ভাঙচুর ও লুটপাট করার জন্য ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা সাকিবের বাড়িতে হামলা চালিয়েছেন।”

তবে অভিযোগ অস্বীকার করে মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ বলেন, তার দলের নেতাকর্মীরা এ ঘটনার সঙ্গে জড়িত নয়। তিনি হামলার ঘটনা ফেইসবুকে দেখেছেন। এ বিষয়ে বিস্তাতির কিছু জানেন না।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার খাইরুল হাসান বলেন, সাকিব আল হাসানের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। বাড়ির আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

ওসি আব্দুল আল মামুন বলেন, ঘটনার পর এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। প্রয়োজন হলে বাড়ির নিরাপত্তায় পুলিশ মোতায়েন করা হবে। তবে সাকিবের পরিবার বা অন্য কোনো পক্ষ এখন পর্যন্ত থানায় লিখিত অভিযোগ দেয়নি। তবুও ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করছে পুলিশ।

জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগের সরকার পতনের দ্বিতীয় বার্ষিকীতে বুধবার সন্ধ্যায় নয়া দিল্লিতে দক্ষিণ এশিয়ার ফরেন করেসপন্ডেন্টস ক্লাব (এফসিসি সাউথ এশিয়া) আয়োজিত সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন শেখ হাসিনা। এ সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন সাকিব, যিনি এখন শ্রীলঙ্কায় রয়েছেন। লঙ্কা প্রিমিয়ার লিলে (এলপিএল) খেলছেন তিনি।

ক্রিকেটার সাকিব ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য হন। ওই বছর ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।