Published : 14 Jan 2026, 12:59 PM
লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনে জনতার দলের চেয়ারম্যান শামীম কামাল দক্ষিণ সুদান ও উগান্ডায় বিনিয়োগ রয়েছে বলে দাখিল করা হলফনামায় বলেছেন। তার হাতে নগদ টাকা কম থাকলেও বেশ সোনা রয়েছে বলে দেখিয়েছেন।
অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার শামীম কামাল বলেছেন, সেনাবাহিনীর চাকরি শেষে বর্তমানে তিনি ব্যবসার সঙ্গে যুক্ত।
হলফনামায় অস্থাবর সম্পদের বিবরণে দেখা যায়, তার নিজের কাছে নগদ নয় লাখ ৫৯ হাজার ৪৫৬ টাকা, স্ত্রীর কাছে ৮৭ হাজার ৪৪৬ টাকা এবং একমাত্র মেয়ের কাছে তিন লাখ ৪১ হাজার ৮২৭ টাকা রয়েছে।
ব্যাংকে জমা অর্থের হিসাবে তার নামে রয়েছে ৭ লাখ ৫ হাজার ৯৩০ টাকা, স্ত্রীর নামে ৭৯ হাজার ৩০০ টাকা এবং মেয়ের নামে রয়েছে ৪ হাজার ২২৪ টাকা। শেয়ার বিনিয়োগে তার নিজের নামে ৩ লাখ টাকা, স্ত্রীর নামে ২ লাখ টাকা এবং মেয়ের নামে দেড় লাখ টাকা দেখানো হয়েছে।
হলফনামায় বলা হয়, তার নিজের নামে একটি ট্রাক ও দুটি প্রাইভেট কার রয়েছে। এ ছাড়া তার স্ত্রীর নামে রয়েছে একটি প্রাইভেট কার।
সোনার হিসাবে তার নিজের রয়েছে ১৫ ভরি, স্ত্রীর ২০ ভরি এবং মেয়ের ২০ ভরি- সব মিলিয়ে পরিবারের সোনার পরিমাণ ৫৫ ভরি।
বিদেশি বিনিয়োগের অংশ হিসেবে দক্ষিণ সুদান ও উগান্ডায় তার বিনিয়োগ রয়েছে দুই কোটি ১৮ লাখ ৬৬ হাজার টাকা। তবে এসব সম্পদের বিপরীতে বিভিন্ন ব্যক্তির কাছে তার ঋণের পরিমাণও একই অঙ্ক- ২ কোটি ১৮ লাখ ৬৬ হাজার টাকা, যা তার ও পরিবারের নগদ ও ব্যাংকে জমা অর্থের তুলনায় কয়েকগুণ বেশি।
এমফিল ডিগ্রিধারী শামীম কামাল নিজের ও স্ত্রীর নামে ২ কোটি ৬২ লাখ ৪২ হাজার ৭৫৯ টাকা মূল্যের কৃষিজ জমির মালিক হলেও কৃষিখাত থেকে কোনো আয় দেখাননি।
আয়ের উৎস হিসেবে তিনি দোকান ও বাড়ি ভাড়া থেকে পেয়েছেন ১ লাখ ৮৫ হাজার ৩১০ টাকা, ব্যবসা থেকে ১৪ লাখ ৯০ হাজার ৩৩৫ টাকা, শেয়ার ও সঞ্চয়পত্র থেকে ২২ হাজার ৮৬৪ টাকা এবং অবসর ভাতা হিসেবে ৬ লাখ ২৮ হাজার ৬৩৮ টাকা।
তার স্ত্রীর ব্যবসা থেকে আয় দেখানো হয়েছে ৭ লাখ ৭৪ হাজার ২৩০ টাকা এবং মেয়ের ব্যবসা থেকে আয় ২ লাখ ৪০ হাজার টাকা।
এ ছাড়া বাসাবাড়িতে থাকা ইলেকট্রনিক সামগ্রীর মূল্য ৩ লাখ ৩৮ হাজার ৩৮৫ টাকা এবং আসবাবপত্রের মূল্য ৪ লাখ ৭ হাজার ৭৬০ টাকা বলে বলা হয়েছে।
অবসরপ্রাপ্ত এই সেনা কর্মকর্তা প্রয়াত সংসদ সদস্য মজিবর রহমানের ছেলে। সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল পদ থেকে অবসর নিয়ে তিনি রাজনৈতিক সংগঠন ‘জনতার দল’ গঠন করেছেন। বাবার নির্বাচনি এলাকা পুনরুদ্ধারের লক্ষ্যেই দলটির চেয়ারম্যান হিসেবে ‘কলম’ প্রতীক নিয়ে ভোটের মাঠে নেমেছেন শামীম কামাল।
লালমনিরহাট জেলার তিনটি সংসদীয় আসনের মধ্যে তিনিই একমাত্র প্রার্থী, যিনি একটি রাজনৈতিক দলের চেয়ারম্যান হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।