১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ন্যায্যমূল্যে সারের দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ

এ সময় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2026, 07:00 PM

Updated : 11 Sep 2026, 03:49 PM

আমন মৌসুমে সরকার নির্ধারিত মূল্যে পর্যাপ্ত সার না পাওয়ার অভিযোগে লালমনিরহাটের কালীগঞ্জে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকরা।

সোমবার সকালে উপজেলা বাজারে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।

খবর পেয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে ন্যায্যমূল্যে সার সরবরাহের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন কৃষকরা।

কৃষকদের আকস্মিক অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে প্রায় এক কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে ভারত থেকে আসা পাথর ও পণ্যবাহী ট্রাকসহ দূরপাল্লার যানবাহন আটকা পড়ে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী ও চালকেরা।

কৃষকদের অভিযোগ, আমন চাষের ভরা মৌসুমে সারের তীব্র সংকট তৈরি করা হয়েছে। নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করছেন অসাধু ব্যবসায়ীরা।

তাদের দেওয়া তথ্যানুযায়ী, প্রতি বস্তা এক হাজার ৩৫০ টাকার টিএসপি সার খোলাবাজারে ১৫০০ থেকে ১৬০০ টাকায় এবং এক হাজার ৫০ টাকার ডিএপি সার ১৪০০ থেকে ১৫০০ টাকায় কিনতে হচ্ছে। 

বাড়তি দামের কারণে উৎপাদন খরচ অস্বাভাবিক বেড়ে যাওয়ায় অনেকে অর্থাভাবে জমিতে সার দিতে পারছেন না।

ইউএনও সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কৃষকদের মূল অভিযোগ ছিল তারা নির্ধারিত দামে সার পাচ্ছেন না। আমরা তাদের আশ্বাস দিয়েছি, যে আগামী দুই দিনের মধ্যে চাহিদা অনুযায়ী সরকারি মূল্যে সার বিতরণ নিশ্চিত করা হবে।”

প্রশাসনের আশ্বাসের পর কৃষকরা অবরোধ তুলে নিলে বেলা পৌনে ১২টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। তবে দ্রুত সমস্যার সমাধান না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।