১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বাগেরহাটে নিজ বাড়িতে একজনকে পিটিয়ে হত্যা

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কার মৃত্যু হয়।

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2025, 12:39 PM

Updated : 26 Aug 2026, 02:28 PM

বাগেরহাটের কচুয়া উপজেলায় নিজ বাড়িতে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

উপজেলার শিবপুর গ্রামের নিজ বাড়িতে সোমবার রাতে এ ঘটনা ঘটে বলে বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসেন জানান।

নিহত ৪৫ বছর বয়সী জাহিদুল ইসলাম ওই গ্রামের এসএম আবু বক্করের ছেলে।

পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন জাহিদুলকে হত্যা করেছে বলে তার পরিবার অভিযোগ করেছে।

তার মরদেহের ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।  

অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসেন বলেন, “শিবপুর গ্রামের নিজ বাড়িতে জাহিদুলকে একদল দুর্বৃত্ত লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে রেখে পালিয়ে যায়।

“পরে বাড়ির সদস্যরা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় জাহিদুলের মৃত্যু হয়।”

পুলিশ এরইমধ্যে এ ঘটনার তদন্ত শুরু করেছে বলে অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসেন জানান।