Published : 05 Aug 2025, 04:40 PM
টানা বর্ষণে সড়ক ডুবে রাঙামাটির পর্যটনকেন্দ্র সাজেকের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। তবে বিকল্পভাবে পর্যটকদের পারাপার করা হচ্ছে।
খাগড়াছড়ি-সাজেক সড়কের মাচালং বাজার এলাকায় মঙ্গলবার সকালে সড়ক ডুবে যাওয়ায় এ অবস্থা সৃষ্টি হয়েছে বলে খাগড়াছড়ির বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আকতার জানান।
স্থানীয়রা জানান, কয়েকদিনের ভারি বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে মাচালং বাজার এলাকায় রাস্তা, মাচালং ছড়ার উপর কালভার্ট পানিতে ঢুবে যায়। বর্তমানে মাচালং বাজারের ঢালু রাস্তায় ও কালভার্টের প্রায় চার ফুট উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এতে মাচালং থেকে সাজেকগামী পর্যটকবাহী সব গাড়ি যাওয়া-আসা বন্ধ রয়েছে।

ইউএনও শিরিন আকতার বলেন, “আটকেপড়া অনেক পর্যটক সড়কে ডুবে যাওয়া অংশটি বাঁশের ভেলায় বা নৌকায় করে পারাপার হচ্ছেন। যারা ব্যক্তিগত গাড়ি নিয়ে বেড়াতে এসেছেন, তারা পুনরায় সাজেকে ফিরে গেছেন। সড়ক থেকে পানি নেমে গেলে যান চলাচল স্বাভাবিক হবে।”