১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গাজীপুরের জাপা, খেলাফত ও ইসলামী ঐক্যজোটের প্রার্থিতা বহাল

প্রার্থীদের দাখিল করা কাগজপত্র ও আপিলের যুক্তি পর্যালোচনা শেষে কমিশন তাদের মনোনয়ন বহাল রাখার সিদ্ধান্ত নেয়।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2026, 06:58 PM

Updated : 26 Aug 2026, 05:32 PM

নির্বাচন কমিশনে (ইসি) আপিল শুনানির প্রথম দিনে গাজীপুরের পাঁচজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এই আপিল শুনানি অনুষ্ঠিত হয়। শনিবার থেকে আপিল শুনানি শুরু হয়েছে। 

শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে চার নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন।

নির্বাচন কমিশন জানায়, প্রার্থীদের দাখিল করা কাগজপত্র ও আপিলের যুক্তি পর্যালোচনা শেষে কমিশন তাদের মনোনয়ন বহাল রাখার সিদ্ধান্ত নেয়।

যারা প্রার্থিতা ফিরে পেয়েছেন তারা হলেন- গাজীপুর-১ আসনের জাতীয় পার্টির প্রার্থী এস এম শফিকুল ইসলাম, গাজীপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. সালাহউদ্দিন সরকার, গাজীপুর-৩ আসনের ইসলামী ঐক্য জোটের প্রার্থী মুফতি শামীম আহমেদ, গাজীপুর-৫ আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. রুহুল আমীন এবং একই আসনের জাতীয় পার্টির প্রার্থী ডা. মো. সফিউদ্দিন সরকার।

এর আগে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা বিভিন্ন কারণে তাদের মনোনয়নপত্র বাতিল করেছিলেন। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে তারা আপিল করেছিলেন। 

গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন বলেন, পাঁচটি আসনে ১৯টি মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। তারা নির্বাচন কমিশনে আপিল করেন। তাদের মধ্যে পাঁচ জনের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা হয়েছে।