Published : 09 Jul 2025, 10:42 AM
চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত এক কৃষকের লাশ ছয়দিন পর ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ।
মঙ্গলবার রাত ৯টার দিকে দর্শনা সীমান্তের ৭৬ নম্বর মেইন পিলারের কাছে পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহটি হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন দর্শনা থানার ওসি শহিদ তিতুমীর।
নিহত ইব্রাহিম বাবু (২৪) দর্শনা থানার ঝাঁঝাডাঙ্গা গ্রামের নূর ইসলামের ছেলে। গত ২ জুলাই দুপুরে তিনি বিএসএফের গুলিতে নিহত হন।
তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, ইব্রাহিম বাবু গরুর ঘাস কাটার জন্য সীমান্ত এলাকায় গিয়েছিলেন।পরে বেলা ১টার দিকে সীমান্তের ২৯ নম্বার মেইন পিলারের কাছে দুটি গুলির শব্দ শোনা যায়।
ওসি শহিদ তিতুমীর জানান, নিহতের মরদেহ ভারতের অভ্যন্তরে একটি হাসপাতালে রাখা ছিল। তা ফেরতের জন্য বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের অনুরোধ জানানো হয়।
ছয় দিন পর মঙলবার রাতে বিজিবি-৬ ব্যাটালিয়নের দর্শনা কোম্পানি কমান্ডার উপ-অধিনায়ক মেজর আসিফ মাহমুদ ও বিএসএফের ৩২ ব্যাটালিয়নের গেদে কোম্পানি কমান্ডেন্ট শ্রী সুজিত কুমারের উপস্থিতিতে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে ভারতের নদীয়া জেলার কৃষ্ণনগর থানা পুলিশ মরদেহটি চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
দর্শনা থানার ওসি তিতুমীর আরও জানান, মরদেহ বুঝে নিয়ে নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।