Published : 28 Jun 2026, 12:39 AM
শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের হস্তক্ষেপে একটি শতবর্ষী বটগাছ কাটার উদ্যোগ বন্ধ করা হয়েছে।
সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের ছোট ঝাউয়ের চর নামাপাড়া পুরাতন ঈদগাহ মাঠের ঐতিহ্যবাহী শতবর্ষী একটি বটগাছ কেটে ঈদগা মাঠের সংস্কার করার জন্য একটি ফেইসবুক পেইজে প্রকাশ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
এ নিয়ে শেরপুরের পরিবেশ সংরক্ষণ কর্মীসহ বিভিন্ন মহল থেকে তীব্র প্রতিবাদ ও সমালোচনা শুরু হয়।
এক পর্যায়ে পরিবেশ সংরক্ষণ কর্মীরা জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন। তখন তিনি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) দায়িত্ব দেন বিষয়টি দেখার জন্য।
প্রশাসন খোঁজ নিয়ে জানতে পারে, প্রায় আট শতক জমির উপর ওই ঈদগা মাঠ এবং বটগাছটি ওয়াকফ সম্পত্তিভুক্ত। পরে ইউএনও আসমা বিনতে রফিক স্থানীয় ইউপি চেয়ারম্যান এবং গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করে গাছ কাটার উদ্যোগ বন্ধ করে দেন।
এ বিষয়ে ইউএনও আসমা বিনতে রফিক বলেন, তারা আশ্বাস দিয়েছেন গাছটি আর কাটা হবে না।
জেলা প্রশাসন ফরিদা ইয়াসমিন বলেন, “গাছের ছবিসহ প্রকাশ্যে বিজ্ঞপ্তির বিষয়টি স্থানীয় ব্যক্তিদের নজরে আসলে আমাকে জানানো হয়। আমি পরবর্তীতে সদর ইউএনওকে নির্দেশনা দেই ব্যবস্থা নেওয়ার জন্য।”