Published : 14 Jul 2026, 09:53 PM
কিশোরগঞ্জে প্রায় ১১ বছর আগে শিক্ষিকা আতিয়া জাহান মৌসুমী হত্যা মামলায় এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। এ ছাড়া মামলা থেকে খালাস পেয়েছেন চারজন।
মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ সুপ্রিয়া রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) মো. শাহ্ কামাল সরকার।
দণ্ড পাওয়া ইউসুফ হায়দার রিফাত (৩৬) শহরের খরমপট্টি এলাকার নাসির উদ্দিন হারুনের ছেলে।
মামলার বরাতে পিপি শাহ্ কামাল সরকার বলেন, ২০১৫ সালের ৬ নভেম্বর রাতে শহরের বত্রিশ এলাকার নিজ বাসায় খুন হন মৌসুমী। ঘটনাটি আত্মহত্যা হিসেবে দেখাতে তার লাশ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়।
পরে এ ঘটনায় মৌসুমীর মা কবিতা আক্তার অজ্ঞাত পরিচয় তিনজনকে আসামি করে কিশোরগঞ্জ মডেল থানায় হত্যা মামলা করেন। প্রেমঘটিত কারণে মৌসুমীকে হত্যা করা হয় বলে তদন্তে প্রমাণ পায় পুলিশ।
তদন্ত শেষে পুলিশ রিফাতসহ পাঁচজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র প্রদান করেন বলে জানান পিপি কামাল সরকার।
সাক্ষ্য গ্রহণ শেষে রিফাতকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি দুই লাখ টাকা জরিমানা করা হয়; যা অনাদায়ে তাকে আরও এক বছর বিনাশ্রম কারাবাসে থাকতে হবে বলে জানান তিনি।
অন্য চার আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তারা বেকসুর খালাস পান বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।