১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সিরাজগঞ্জে নারী ইউপি সদস্য খুন, স্বামী যুবদল নেতা পলাতক

“আলীম দুই স্ত্রীকে নিয়ে একই বাড়িতে সংসার করতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দ্বিতীয় স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।”

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2025, 04:26 PM

Updated : 26 Aug 2026, 05:12 PM

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় এক নারী ইউপি সদস্যকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।  

শুক্রবার সকালে হাবিবুল্লাহ নগর ইউনিয়নের রতনকান্দি গ্রাম থেকে মরদেহ উদ্ধার করা হয় বলে শাহজাদপুর থানার ওসি আসলাম আলী জানান।  

নিহত পেয়ারা খাতুন উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের রতনকান্দি গ্রামের হানিফ সরকারের মেয়ে। সে স্থানীয় ১,২ ও ৩ নম্বর সংরক্ষিত নারী ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন।

তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

ঘটনার পর থেকে তার স্বামী হাবিবুল্লাহ নগর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম পলাতক রয়েছে।

নিহতের চাচা রহিম উদ্দিন সরকার বলেন, এক বছর আগে তার ভাতিজি পেয়ারা খাতুন প্রথম স্বামীকে তালাক দেয়। পরে হাবিবুল্লাহ নগর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্ত্রী থাকা সত্বেও ‘চাপ সৃষ্টি করে’ পেয়ারাকে দ্বিতীয় বিয়ে করে।

“বিয়ের পর ভাতিজির কাছ থেকে পর্যায়ক্রমে ১৭ লাখ টাকা নেয় আলীম। এরপর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব শুরু হয় এবং ভাতিজিকে নির্যাতন করতে থাকে। বিষয়টি নিয়ে গ্রাম্য শালিসও হয়েছে।”

তার অভিযোগ, “বৃহস্পতিবার রাতে আমার ভাতিজিকে শ্বাসরোধে হত্যার পর জামাই আলীম ও তার পরিবারের লোকজন পালিয়েছে।”

এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি আসলাম আলী বলেন, “আলীম দুই স্ত্রীকে নিয়ে একই বাড়িতে সংসার করতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দ্বিতীয় স্ত্রী নারী ইউপি সদস্য পেয়ারা খাতুনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।”

“ঘটনার পর থেকে নিহতের স্বামীসহ সবাই পালিয়েছে।”

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।