Published : 01 Apr 2026, 04:16 PM
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২১ শিশু ভর্তি হয়েছে।
হামে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালের ৮ তলার কেবিনে ৬৪ শয্যার একটি পৃথক আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মুহাম্মদ মাইনউদ্দিন খান।
সেখানে তিনটি মেডিকেল টিম গঠন করে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
বুধবার সকালে হাসপাতাল থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, ময়মনসিংহ মেডিকেলে গত ১৭ মার্চ থেকে এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছে ১৪৩ শিশু। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫ শিশুর। বর্তমানে চিকিৎসাধীন ৬৪ শিশু। চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে ৮৪ জন।
জেলার সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ফয়সল আহমেদ বলেন, ময়মনসিংহে জনসংখ্যার তুলনায় যা আক্রান্ত আছে, সেটা তত বেশি নয়। হামে আক্রান্ত শিশুদের ৮০ শতাংশই ৯ মাসের নিচে বয়স। তাদের হামের টিকা নেওয়ারই সময় হয়নি এখনো। বাকি শিশুদের মধ্যে ১০ শতাংশ আছে ১ ডোজপ্রাপ্ত এবং বাকি ১০ শতাংশ ২ ডোজপ্রাপ্ত।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের সহযোগী অধ্যাপক গোলাম মাওলানা বলেন, হাম ছোঁয়াচে রোগ হওয়ায় তা দ্রুত ছড়িয়ে পড়ছে। এক্ষেত্রে সবাইকে সচেতন হতে হবে। অন্যথায় নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়বে।
যারা হেলা করে শিশুদের হামের টিকা দেননি, তাদের ক্ষেত্রেই বেশি ছড়িয়ে পড়ছে হাম বলেও জানান তিনি।