সরকারি কবরস্থানের মাটি বরাদ্দে ঘুষের অভিযোগ: তদন্তে কমিটি
ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক কাওসার হোসেনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ঝালকাঠির নলছিটি উপজেলায় সরকারি কবরস্থানের জন্য মাটি বরাদ্দ প্রকল্পে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আওলাদ হোসেনের বিরুদ্ধে। ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক কাওসার হোসেনকে প্রধান করে তিন সদস্যের এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে বুধবার সকালে তিনি নিজেই জানিয়েছেন।
পিআইও আওলাদ হোসেনের বিরুদ্ধে মঙ্গলবার জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেন নলছিটি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ অলিউল ইসলাম।
ওই অভিযোগে বলা হয়, নলছিটি পৌরসভার মল্লিকপুর সরকারি কবরস্থানের জন্য মাটি ভরাটের একটি টিআর প্রকল্পের আওতায় প্রায় এক লাখ ১৫ হাজার টাকার কাজ বরাদ্দ হয়। তবে আওলাদ হোসেন অতিরিক্ত খরচ বাবদ মোট নয় হাজার টাকা ঘুষ নিয়েছেন।
অতিরিক্ত জেলা প্রশাসক কাওসার হোসেন বলেন, অভিযোগের পর জেলা প্রশাসনের পক্ষ থেকে ঘটনাটি তদন্তে কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যদের দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে নলছিটি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আওলাদ হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
