১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

যমুনায় বাল্কহেড ডুবে নিখোঁজ ২ শ্রমিক, দুদিনেও উদ্ধার হয়নি

“নিখোঁজরা বাল্কহেডের ইঞ্জিন কক্ষে আটকে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 14 Sep 2026, 04:32 PM

Updated : 17 Sep 2026, 03:00 AM

সিরাজগঞ্জ সদর উপজেলায় যমুনা নদীতে বালুবাহী বাল্কহেড ডুবে নিখোঁজ দুই শ্রমিককে দুই দিনেও উদ্ধার করা যায়নি।

সোমবার নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে বলে জানিয়েছেন সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক শরীফুল ইসলাম।

শনিবার সন্ধ্যায় সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়নের বড় কয়ড়া এলাকায় যমুনা নদীতে বালুবাহী বাল্কহেডটি ডুবে যায়। এরপর থেকে ওই দুই শ্রমিক নিখোঁজ রয়েছেন।

নিখোঁজরা হলেন- নোয়াখালীর মাইজদী উপজেলার আন্তারচর এলাকার লোকমান হোসেন মৃধার ছেলে বাল্কহেডের ইঞ্জিন মিস্ত্রি মো. মোরশেদ (২৫) ও চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কাশিমনগর গ্রামের মোক্তার হোসেনের ছেলে বাল্কহেডের শ্রমিক মো. ফয়সাল (১৯)।

ফায়ার সার্ভিস কর্মকর্তা শরীফুল বলেন, “নদীর প্রবল স্রোতে বালু বোঝাই একটি বাল্কহেড নদীতে ডুবে যায়। এ সময় বাল্কহেডে থাকা পাঁচজন শ্রমিকের মধ্যে তিনজন সাঁতরে তীরে উঠতে পারলেও দুই শ্রমিক নদীতে ডুবে যায়। 

“খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়। কিন্তু গত দুদিনে নিখোঁজদের উদ্ধার করা সম্ভব হয়নি।”  

তিনি বলেন, “নিখোঁজরা বাল্কহেডের ইঞ্জিন কক্ষে আটকে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে প্রচণ্ড স্রোতের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।”