১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নরসিংদীতে হত্যাসহ ১০ মামলার আসামির বাড়ি থেকে অস্ত্র-গুলি- বোমা উদ্ধার

অভিযানের সময় ‘দলবল নিয়ে পালিয়ে যান’ ওই আসামি, বলছে পুলিশ।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2025, 08:31 PM

Updated : 26 Aug 2026, 01:29 PM

নরসিংদীর রায়পুরায় হত্যাসহ ১০ মামলার আসামির বাড়ি থেকে পাঁচটি বন্দুক, গুলি ও হাত বোমা উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার বিকালে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান, নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার। 

এর আগে সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের নজরপুর গ্রামে আসামি আবিদ হাসান রুবেলের বাড়িতে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয় বলে জানান তিনি। 

অস্ত্রের মধ্যে রয়েছে, পাঁচটি এক নলা বন্দুক, বন্দুক ও পিস্তলের ১০টি গুলি, একটি ম্যাগাজিন ও অবিস্ফোরিত ১৮টি হাত বোমা।

অতিরিক্ত পুলিশ বলেন, রায়পুরা থানার নজরপুর এলাকায় ‘সন্ত্রাসীরা’ আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি ও বোমার বিস্ফোরণ ঘটাচ্ছে, এমন খবরে অভিযানে যায় থানা পুলিশ। 

এসময় হত্যাসহ ১০ মামলার আসামি আবিদ হাসান রুবেলের বাড়ির একটি পাকা খুপরি ঘর হতে এসব অস্ত্র উদ্ধার করা হয়।   

প্রেস ব্রিফিংয়ে আরো বলা হয়, পুলিশের উপস্থিতি টের পেয়ে আবিদ হাসান রুবেল তার সহযোগীদের নিয়ে পালিয়ে যান। তাদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। 

অস্ত্র উদ্ধারের ঘটনায় আইনগত ব্যবস্থাও নেওয়া হচ্ছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।