১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

হত্যা মামলায় ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুল

পাঁচ দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে আদালত দুই দিনের মঞ্জুর করে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2024, 09:04 PM

Updated : 26 Aug 2026, 10:46 AM

নোয়াখালী ৪ আসনের সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীকে হত্যা মামলায় দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। 

সোমবার নোয়াখালীর প্রথম জ্যেষ্‌ঠ বিচারিক (সদর) হাকিম ইকবাল হোসাইন এ রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

নোয়াখালী আদালত পুলিশের পরিদর্শক মো. শাহ আলম বলেন, সকাল সাড়ে ১০টার দিকে কড়া নিরাপত্তায় একরামুল করিমকে জেলা কারাগার থেকে নোয়াখালীর ওই আদালতে আনা হয়। 

পরে তাকে ট্রাক শ্রমিক মো. খোকন হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সুধারাম মডেল থানার পরিদর্শক মো. সাবজেল হোসেন। 

অন্যদিকে, আসামি পক্ষের আইনজীবীরা তার রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

বিচারক একই মামলার আসামি নোয়াখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নাসিম উদ্দিন সুনাম ও ব্যবসায়ী জহির উদ্দিনকে জিজ্ঞাবাদের জন্যও একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন। 

এদিকে, আদালত থেকে একরামুল করিম চৌধুরীকে জেলা কারাগারে নেওয়ার সময় তার সমর্থকদের স্লোগান দিতে দেখা যায়।

গত ৮ সেপ্টেম্বর সদর উপজেলার পশ্চিম সাহাপুর গ্রামের নিহত ট্রাক শ্রমিক মো. খোকনের বাবা মজিবুল হক বাদী হয়ে সুধারাম মডেল থানায় মামলাটি করেন। 

মামলায় সাবেক সংসদ সদস্য ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ একরামুল করিম চৌধুরীসহ ৫৩ জন আসামির নাম উল্লেখ করা হয়েছে।

বাদী তার অভিযোগে বলেন, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি বিএনপি-জামায়াতের ডাকা হরতাল চলাকালে দত্তেরহাটের দত্তবাড়ির মোড়ে গণজমায়েতে অস্ত্রহাতে হামলা চালান আসামিরা। 

এসময় খোকন শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে যাওয়ার সময় আসামিদের ছোড়া গুলিতে আহত হন। 

পরে স্থানীয়রা তাকে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ মামলায় ১ অক্টোবর রাতে চট্টগ্রাম মহানগরীর খুলশী এলাকা থেকে সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীকে গ্রেপ্তার করে র‌্যাব। 

পরদিন সকালে নোয়াখালীর আদালতে তোলা হলে বিচারক তাকে জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন। 

পরে এ মামলায় নোয়াখালী পৌরসভার সাবেক কাউন্সিলর নাসিম উদ্দিন সুনাম ও ব্যবসায়ী জহির উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ।