চীনা ব্যবসায়ীর কাছ থেকে লুট হওয়া ৯৭ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ৩
চার দিন আগে নারায়ণগঞ্জ থেকে পোশাক শ্রমিকদের জন্য বেতনের এক কোটি টাকা নিয়ে ফেরার পথে লুটের ঘটনা ঘটে বলে জানায় গাজীপুর শিল্প পুলিশ।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক চীনা পোশাক ব্যবসায়ীর গাড়ি থেকে এক কোটি টাকা লুটের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে গাজীপুর শিল্প পুলিশ। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৯৭ লাখ টাকা।
টাকাগুলো গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার ল্যাভেন্ডার ফ্যাশন কারখানার শ্রমিকদের বেতন ও কারখানার অন্যান্য খরচের জন্য বহন করা হচ্ছিল বলে ভাষ্য শিল্প পুলিশের।
শনিবার দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন।
গ্রেপ্তারা হলেন- ঝিনাইদহের হরিণাকুণ্ডু থানার কুলবাড়িয়া এলাকার দবির উদ্দিনের ছেলে চীনা ব্যবসায়ীর গাড়ি চালক জাহিদ হাসান (৩০), ঝিনাইদহ সদর উপজেলার কাঞ্চননগরের দাউদ হোসেনের ছেলে মো. আক্তারুজ্জামান (৫১) ও তার স্ত্রী নাসিমা আক্তার (২৪)।
পুলিশ সুপার আমজাদ বলেন, ১ সেপ্টেম্বর রূপগঞ্জের ক্যাডেট ক্লাবের সামনে চীনা ব্যবসায়ীর ব্যক্তিগত গাড়িচালক জাহিদ হাসান পরিকল্পিতভাবে ওই টাকা নিয়ে পালিয়ে যান।
পরে ল্যাভেন্ডার ফ্যাশন লিমিটেডের প্রশাসন বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) আকরামুল ইসলাম বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা করেন। এরপর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জাহিদ হাসানসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে এক নারী।
তিনি বলেন, গ্রেপ্তারদের কাছ থেকে লুণ্ঠিত টাকার মধ্যে ৯৭ লাখ টাকা উদ্ধার করা হয়। বাকি টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
ল্যাভেন্ডার ফ্যাশন কারখানার শ্রমিকদের বেতন ও অন্যান্য খরচের জন্য এক কোটি টাকা বহন করা হচ্ছিল বলে জানান শিল্প পুলিশের এই কর্মকর্তা।
পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, এ ঘটনায় জড়িত অন্য কেউ থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে। উদ্ধার করা টাকা ও গ্রেপ্তারদের রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
