লক্ষ্মীপুরে রোগীর চাপে আইসোলেশন ওয়ার্ড হলো মহিলা ওয়ার্ড
১০০ শয্যার এই হাসপাতালে বর্তমানে ৪২০ জন রোগী ভর্তি আছেন বলে জানান জেলা সিভিল সার্জন।
লক্ষ্মীপুর সদর হাসপাতালে রোগীর চাপ বেড়ে যাওয়ায় আইসোলেশন ওয়ার্ডকে নতুন করে মহিলা ওয়ার্ডে পরিণত করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে হাসপাতাল ভবনের চতুর্থ তলায় ৩৩ শয্যার মহিলা মেডিসিন ও সার্জারি ওয়ার্ডটি উদ্বোধন করা হয় বলে জানান জেলা সিভিল সার্জন ও হাসপাতালের তত্ত্বাবধায়ক বাহারুল আলম।
জেলা সিভিল সার্জন বাহারুল আলম বলেন, ১০০ শয্যার এই হাসপাতালে বর্তমানে ৪২০ জন রোগী ভর্তি আছেন। অতিরিক্ত রোগীর কারণে পরিস্থিতি মানবেতর হয়ে উঠেছে। তাই অব্যবহৃত আইসোলেশন ওয়ার্ডটি পরিষ্কার-পরিচ্ছন্ন করে মহিলা ওয়ার্ড হিসেবে চালু করা হয়েছে।
তিনি বলেন, ওয়ার্ডটিতে ৩৩টি বেড থাকলেও প্রয়োজনে মেঝেতে বিছানা করে অন্তত ৬৫ জন রোগীকে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা রয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ফিতা কেটে নতুন ওয়ার্ডের উদ্বোধন করেন বাহারুল আলম।
এ সময় সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার অরূপ পাল, সচেতন নাগরিক কমিটি লক্ষ্মীপুরের সাবেক সভাপতি অধ্যাপক জেডএম ফারুকী, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি আ হ ম মোশতাকুর রহমান, ডা. ইসমাইল হাসান, ডা. মাহবুব ফেরদৌস ও ডা. সোয়েব খন্দকারসহ হাসপাতালের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
