১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

নারায়ণগঞ্জে মারামারিতে যুবক খুন, বন্ধু হাসপাতালে

পঞ্চবটিতে রাস্তার পাশের কিছু দোকান দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় দুটি পক্ষের মধ্যে বিরোধ চলছিল।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2026, 11:43 AM

Updated : 26 Aug 2026, 03:05 PM

নারায়ণগঞ্জের ফতুল্লায় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের মধ্যে মারামারিতে এক যুবক মারা গেছেন। মুমূর্ষু অবস্থায় তার বন্ধু হাসপাতালে চিকিৎসাধীন। 

বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে পঞ্চবটি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মান্নান।

নিহত ৩৮ বছর বয়সী রিয়াজ উদ্দিন বাবু ফতুল্লার শান্তিনগর বাজার এলাকার হাফিজ উদ্দিনের ছেলে। তার বন্ধু মো. লিটন (৩৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। 

ওসি আব্দুল মান্নান বলেন, পঞ্চবটিতে রাস্তার পাশের কিছু দোকান দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে ভোরে উভয়পক্ষের মধ্যে মারামারি হয়।

এ সময় প্রতিপক্ষের লোকজনের ধারালো অস্ত্রের আঘাতে রিয়াজ ও লিটন গুরুতর জখম হলে তাদের নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসেন সহযোগীরা। 

সেখানে চিকিৎসক রিয়াজকে মৃত ঘোষণা করে এবং লিটনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠায়।

ওসি আরও বলেন, “নিহতের পরিবার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত স্থানীয় কয়েকজনের নাম বলেছে। নিহতের বিরুদ্ধেও ছিনতাইয়ের অভিযোগে মামলা ছিল। সে স্থানীয়ভাবে ‘কিলার বাবু’ নামে পরিচিত ছিল। 

“পুলিশ বিষয়গুলো তদন্ত করছে। হত্যায় জড়িতদের আইনের আওতায় আনা হবে”, যোগ করেন এ পুলিশ কর্মকর্তা।

তবে, এ ঘটনায় বুধবার বেলা ১১টা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।