১৮ অক্টোবর ২০২৬, ০৩ কার্তিক ১৪৩৩

কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে মিলল ৩ মাস ধরে নিখোঁজ যুবকের লাশ

পরিবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় একটি অপহরণ মামলা করেছিল। মামলায় একজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2026, 08:04 PM

Updated : 26 Aug 2026, 03:10 PM

গোপালগঞ্জের মুকসুদপুরে পুকুরের কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে তিন মাস ধরে নিখোঁজ থাকা যুবকের গলিত লাশ পাওয়া গেছে। 

সোমবার দুপুরে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের পূর্ব ভাকুড়ি হিন্দু পাড়া গ্রামের সুমন মণ্ডলের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন। 

লাশ পাওয়া তৌহিদুল মোল্লা (৩০) ওই ইউনিয়নের লতিফপুর গ্রামের আক্তার মোল্লার ছেলে। তার নির্দিষ্ট কোনো পেশা ছিল না। 

পুলিশ জানায়, গত বছরের ১৬ ডিসেম্বর সন্ধ্যায় মাছ ধরতে তাহিদুল মোল্লা বাড়ি থেকে বের হয়ে পাথারে যান। এরপর আর বাড়িতে ফিরে আসেননি। তারপর বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পায়নি পরিবারের লোকজন। 

এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে মুকসুদপুর থানায় একটি অপহরণ মামলা করা হয়। মামলায় সাকিব শেখ নামের একজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ। 

এর মধ্যে সোমবার ভাকুড়ি গ্রামের সুমনের পুকুর পরিস্কার করতে গেলে কচুরিপানার মধ্যে গলিত লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। 

পরে পরিবারের লোকজন লাশটি তাহিদুল মোল্লার বলে শনাক্ত করে।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে জানিয়ে ওসি বলেন, “পুকুর থেকে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

“লাশের শরীর পচে গেছে, এ কারণে আঘাতের কোনো চিহ্ন শনাক্ত করা সম্ভব হয়নি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তারপর মামলার ব্যাপারে সিদ্ধান্ত হবে। ”

ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ তদন্তে নেমেছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।