Published : 13 Mar 2026, 04:25 PM
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ভিজিএফের কার্ড বিতরণকে কেন্দ্র করে দুই গ্রামবসীর সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে।
চর গোলকনগর গ্রামে বৃহস্পতিবার রাতে এ সংঘর্ষ হয় বলে শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা জানিয়েছেন।
আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ।
শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন সানোয়ার হোসেন বলেন, “ওই গ্রামে দুটি সামাজিক দল রয়েছে। তাদের একটিতে সায়েন মণ্ডল ও আরেটির শামীম লষ্কর নেতৃত্ব দেন। গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে তাদের মধ্যে বিরোধ আগে থেকেই চলছে।
“এর মধ্যে সম্প্রতি গ্রামে ভিজিএফের কার্ড বিতরণের দায়িত্ব পায় সায়েন। এ নিয়ে দুপক্ষের বিরোধ আরও তীব্র হয়।”
তিনি বলেন, এর জেরে বৃহস্পতিবার বিকাল থেকে গ্রামে উত্তেজনা সৃষ্টি হয়। সন্ধ্যার পর দুই পক্ষ ঢাল, রামদা, লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে মুখোমুখি অবস্থান নেয়। রাত ১০টা পর্যন্ত থেমে থেমে ধাওয়া পাল্টা ধাওয়া চলে। এক পর্যায়ে রাতে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ২৫ জন আহত হন”
ওসি হুমায়ুন কবির বলেন, ভিজিএফের কার্ড বিতরণ নিয়ে দুপক্ষের সংঘর্ষ হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তবে কোনো পক্ষ এখনও থানায় মামলা দেয়নি।