Published : 17 Feb 2026, 08:35 PM
বরিশাল নগরীতে পরিত্যক্ত জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উড়তে দেখা গেছে, টানানো হয়েছে ব্যানার।
মঙ্গলবার ভোর থেকে পতাকা ও ব্যানার দেখা গেলেও কারা ও সঠিক কখন এসব টানানো হয়েছে সেটা কেউ বলতে পারছে না।
ব্যানারটি কিছু সময় পর খুলে ফেলা হলেও একটি ভ্রাম্যমাণ খাবার বিক্রির ভ্যানের সাথে টানানো জাতীয় পতাকাটি রয়ে গেছে।
বরিশাল সিটি কর্পোরেশনের মালিকানাধীন পাঁচতলার এ্যানেক্স ভবনের নিচতলার একটি কক্ষ বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ দলীয় কার্যালয় হিসাবে ব্যবহার করতো।
চব্বিশের অভ্যুত্থানের সময় ৫ আগস্ট বিকালে বিক্ষুদ্ধ ছাত্র জনতা আওয়ামী লীগের কার্যালয়সহ এ্যানেক্স ভবনে আগুন দিয়ে লুটপাট করে। এরপর থেকে আওয়ামী লীগের কার্যালয় পরিত্যক্ত অবস্থায় পড়েছিল।
ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও ব্যানার টানানোর ঘটনা ঘটছে।
এর মধ্যেই মঙ্গলবার ভোরে বরিশাল কার্যালয়েও একটি ব্যানার ও একটি জাতীয় পতাকা দেখা যায়। এক ছাত্রলীগ নেতার সৌজন্যে টানানো ব্যানারে লেখা ছিল, “শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে”।
এ বিষয়ে সিটি করপোরেশনের নিরাপত্তা প্রহরীর ইনচার্জ মো. ডালিম বলেন, “ওখানে নিরাপত্তা প্রহরী থাকে। তাদের কাছে জিজ্ঞেস করে বলতে পারবো, কখন ও কারা টানিয়েছে।”
তবে এ্যানেক্স ভবনের দায়িত্বরত নিরাপত্তারক্ষীরা কেউ কিছু বলতে পারেন নি। তাদের দাবি কারা ও কখন এগুলো টানিয়েছে তা তারা দেখেননি।
নাম প্রকাশ না করার শর্তে এক যুবলীগ নেতা বলেন, একটি গণতান্ত্রিক দেশে সকলের রাজনীতি করার অধিকার রয়েছে। আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল। রাজপথে থেকে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।