Published : 25 Apr 2026, 10:07 AM
হামের উপসর্গ নিয়ে শেরপুরের ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন ২৫ রোগী।
শনিবার সকালে সিভিল সার্জন ডাক্তার মুহাম্মদ শাহিন বলেন, ৩০ মার্চ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত জেলায় হামের উপসর্গ নিয়ে ১০৬ রোগী চিকিৎসা নিতে এসেছেন।
তাদের মধ্যে ৩০ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বর্তমানে ২৫ জন হাসপাতালে ভর্তি আছেন। অন্যরা বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন।
তিনি আরও বলেন, হামের উপসর্গ নিয়ে আসা রোগীদের মধ্যে ৯২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৭৪টি নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো রোগীর শরীরে হাম শনাক্ত হয়নি।
জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, কারও মধ্যে হামের উপসর্গ দেখা দিলে তাকে আলাদা রাখতে হবে। পাশাপাশি মাস্ক ব্যবহার, নিয়মিত হাত ধোয়া ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
সিভিল সার্জন ডাক্তার মুহাম্মদ শাহিন বলেন, জেলায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচি চলছে। এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের টিকা দেওয়া হচ্ছে। এই কর্মসূচি ১০ এপ্রিল পর্যন্ত চলবে।
জেলায় মোট ১ লাখ ৬১ হাজার ৪৩২ জন শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ৭৭৯টি শিক্ষা প্রতিষ্ঠানসহ মোট এক হাজার ৩৩৫টি কেন্দ্রে টিকাদান কার্যক্রম চলছে বলেও জানান তিনি।