১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ফেরিতে আগুন

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে চলাচলকারী ‘কেরামত আলী’ ফেরিতে এ ঘটনা ঘটে।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2026, 09:56 PM

Updated : 26 Aug 2026, 03:15 PM

মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে চলাচলকারী ‘কেরামত আলী’ ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শুক্রবার বিকাল পৌনে ৬টার দিকে পাটুরিয়া ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মোহাম্মদ আব্দুস সালাম।

প্রত্যক্ষদর্শী যশোর থেকে ঢাকাগামী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী বেলাল মাহমুদ বলেন, “ফেরিটি ঘাটে অবস্থানকালে হঠাৎ এর সাইলেন্সার পাইপ থেকে আগুনের শিখা দেখা যায়। পরে পাইপ থেকে কালো ধোঁয়া বের হয়। এতে ফেরিতে থাকা যাত্রী ও যানবাহনের চালকদের মধ্যে ভীতি ছড়িয়ে পড়ে।”

খবর পেয়ে শিবালয় ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি। এ সময় ঘটনাটি অনেকে ভিডিও করে রাখেন।

ডিজিএম আব্দুস সালাম বলেন, সাইলেন্সার পাইপ জ্যাম হয়ে গেলে এ ধরনের আগুন ও ধোঁয়া দেখা যেতেই পারে। এতে আতঙ্কের কিছু নেই। এ ঘটনায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি।