Published : 15 Apr 2026, 04:23 PM
নীলফামারী সদরে ডাম্প ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন একজন।
বুধবার রাত ১২টার দিকে নীলফামারী-সৈয়দপুর মহাসড়কের পূর্ব সূটিপাড়া জামতলী টেক্সটাইল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নীলফামারী সদর থানার ওসি জিল্লুর রহমান জানান।
নিহতরা হলেন, উপজেলার পশ্চিম কুচিয়ারমোড় এলাকার তরিকুল ইসলাম বাবুর বড় ছেলে মো. সিহাব হোসেন (১৯) ও ছোট ছেলে মো. সোয়াদ (৬)।
আহত হয়েছেন একই এলাকার স্টালিনের ছেলে মোহাম্মদ হোসেন (১০)।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, রাতে জেলা সদরের টেক্সটাইল বাজার থেকে হেঁটে বাড়ি ফিরছিল ওই তিন শিশু-কিশোর। এ সময় নীলফামারীগামী একটি দ্রুতগতির ডাম্প ট্রাক পেছন থেকে তাদের ধাক্কা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুই সহোদরের মৃত্যু হয়।
আশপাশের লোকজন ছুটে এসে গুরুতর আহত অবস্থায় মোহাম্মদ হোসেনকে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে যায়, তার অবস্থা আশংকাজনক হওয়ায় পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি জিল্লুর রহমান বলেন, দুর্ঘটনার পর চালক দ্রুত ট্রাকটি নিয়ে পালিয়ে গেছে। ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করে আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে বুধবার বাদ জোহর জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দুই সহোদরের দাফন সম্পন্ন হয়েছে বলে জানান নিহতদের বাবা তরিকুল ইসলাম বাবু।
তিনি বলেন, “আমার সন্তানদের হত্যাকারী ট্রাক চালকের দ্রুত বিচার চাই। যেনো আর কোনো পরিবারকে তাদের সন্তান না হারাতে হয়।”