২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

সাগরে নিম্নচাপ: বাগেরহাটে গুড়িগুড়ি বৃষ্টি, মোংলায় পণ্য ওঠানামা স্বাভাবিক

বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত এই জেলায় ১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সাগরে নিম্নচাপ: বাগেরহাটে গুড়িগুড়ি বৃষ্টি, মোংলায় পণ্য ওঠানামা স্বাভাবিক
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বাগেরহাটে গুড়িগুড়ি বৃষ্টিপাত হচ্ছে।

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2025, 12:54 PM

Updated : 26 Aug 2026, 12:49 PM

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে উপকূলীয় জেলা বাগেরহাটে গুড়িগুড়ি বৃষ্টিপাত হচ্ছে। বৈরি আবহাওয়ায় চলাচলে কিছুটা দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।

বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত এই জেলায় ১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন বাগেরহাট কৃষি অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মোতাহার হোসেন।

বাগেরহাট শহরের নূর মসজিদ এলাকার আনিসুর রহমান বলেন, রাত থেকেই  গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। মাঝে মাঝে থামলেও আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আছে। 

এ মৌসুমে বৃষ্টি হবে এটা স্বাভাবিক। কিন্তু একটু বৃষ্টি হলেই সাধনার মোড়, ডাকবাংলো ঘাট, লঞ্চ ঘাট এলাকায় সড়কে পানি জমে যায়। তাই সাধারণ মানুষকে দুর্ভোগে পড়তে হয়। 

এদিকে বৈরি আবহাওয়ার কারণে বিপাকে পড়েছেন শ্রমজীবী নিম্নআয়ের মানুষ। 

বৃষ্টির কারণে আয় কমে গেছে জানিয়ে শহরের বাসাবাটি এলাকার রিকশাচালক  মধূসূদন বালা বলেন, “বৃষ্টি হলেই শহরে লোকজন কমে যায়।  কিন্তু পেটের দায়ে আমাদের বের হতে হয়। তবে আজ (বৃহস্পতিবার) সকাল থেকে বেশিরভাগ সময় যাত্রীর আশায় থেকেও তেমন আয় হয়নি।“

মঙ্গলবার বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হয়, যা পরে আরো ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়। সুস্পষ্ট লঘুচাপটি বৃহস্পতিবার সকাল ৬টায় নিম্নচাপে পরিণত হয়।

আবহাওয়ার বিশেষ বুলেটিনে বলা হয়েছে, নিম্নচাপটি বৃহস্পতিবার সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৪০৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিম, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৩৯৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিম, মোংলা সমুদ্র বন্দর থেকে ২৩০ কিলোমিটার দক্ষিণপশ্চিম এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ২৪৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।

এটি উত্তর দিকে অগ্রসর হয়ে আরও ঘণীভূত হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়া আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বাড়ছিল।

নিম্নচাপ কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপ্টেন মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, সাগরে চলমান নিম্নচাপের প্রভাবে বুধবার রাত থেকে হালকা দমকা হাওয়ার সঙ্গে থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। 

তিনি আরও বলেন, “মোংলা বন্দরে বর্তমানে দেশি-বিদেশি ১০টি জাহাজ অবস্থান করছে। সেগুলোতে পণ্য ওঠানামার কাজ স্বাভাবিকভাবে চলছে।”

বাগেরহাট কৃষি অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মোতাহার হোসেন বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বুধবার রাত থেকে থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এ পর্যন্ত ১৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। 

তবে এ বৃষ্টিতে মাঠের ফসলের কোনো ক্ষতি হবে না বলে জানান এই কৃষিকর্মকর্তা।