ঝিনাইদহে ফ্যান দিয়ে ধান ওড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দম্পতির মৃত্যু
স্বজনরা বলছেন, স্বামীকে বাঁচাতে গিয়ে তার স্ত্রী মোমেনা খাতুনও বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
ঝিনাইদহ সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তি ও তার স্ত্রীর প্রাণ গেছে।
সোমবার সকালে হলিধানী ইউনিয়নের গাগান্না গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে ঝিনাইদহ সদর থানার ওসি মো. আসাদুজ্জামান জানিয়েছেন।
মৃতরা হলেন- ওই গ্রামের তের আলীর খাঁর ছেলে মজিবর খাঁ (৬০) ও মজিবরের স্ত্রী মোমেনা খাতুন (৫৫)।
স্বজনরা বলছেন, ভোরে মজিবর খাঁ ইলেকট্রিক ফ্যান দিয়ে ধান ওড়ানোর কাজ করছিলেন। ফ্যানে বিদ্যুৎ সংযোগ দেওয়ার পর সেটি না চলায় তিনি পরীক্ষা করতে যান। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ফ্যানটি তার বুকের ওপর পড়ে যায়।
এ সময় স্বামীকে বাঁচাতে গিয়ে তার স্ত্রী মোমেনা খাতুনও বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
ওসি আসাদুজ্জামান জানান, বিদ্যুৎস্পৃষ্টে স্বামী স্ত্রী দুজনের মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হবে, এরপর তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
