Published : 28 Feb 2026, 02:29 PM
ঝালকাঠির রাজাপুর উপজেলায় মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে রিকশা চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী।
শনিবার দুপুরে উপজেলার সমবায় এলাকায় ঝালকাঠি-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন রাজাপুর থানার ওসি নজরুল ইসলাম।
নিহত খলিলুর রহমান (৪৫) উপজেলার পুটিয়াখালী এলাকার ইমান আলী খানের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি নজরুল বলেন, রাজাপুর উপজেলা সদর থেকে ভান্ডারিয়াগামী একটি ব্যাটারিচালিত রিকশা সমবায় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে প্রচণ্ড সংঘর্ষ হয়।
এতে রিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালকেরমৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীও আহত হয়েছেন। তাকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
ওসি নজরুল ইসলাম বলেন, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।