Published : 30 Aug 2026, 06:32 PM
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় অটোরিকশা ও কভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
রোববার বিকাল ৩টার দিকে উপজেলার আচমিতা ইউনিয়নের বানিয়াগ্রামের তেভাগা এলাকায় ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান কটিয়াদী থানার ওসি মো. রফিকুল ইসলাম।
নিহতরা হলেন- ময়মনসিংহের নান্দাইল উপজেলার কলাপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে মিলন মিয়া (৪০), হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলচেও এলাকার বদিউল আলমের স্ত্রী রাবেয়া আক্তার (৪৫) এবং বদিউল আলমের নাতনি জারা মনি (৮)।
আহতরা হলেন- বদিউল আলম (৫০), তার নাতি আতিকুল ইসলাম (৮), নাতনি প্রিয়া আক্তার (২২) এবং মেয়ে বর্ণা বেগম (৩০)।
ওসি রফিকুল ইসলাম বলেন, অটোরিকশাটি আচমিতা ইউনিয়নের তেভাগা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।
তিনি বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই মিলন মিয়া নিহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আরও দুজনকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আহত বদিউল আলম ও তার পরিবারের সদস্যরা নান্দাইলে মেয়ের বাড়ি থেকে হবিগঞ্জের উদ্দেশে অটোরিকশায় করে যাচ্ছিলেন।
কটিয়াদী হাইওয়ে থানার ওসি নবীনূর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। দুর্ঘটনায় জড়িত কভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।