শাকসু নির্বাচন: ‘দুর্বার সাস্টিয়ান ঐক্য’ নামে শিবিরের প্যানেল
২৩ সদস্যের এ প্যানেলের ঘোষণা দেন সংগঠনের প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-শাকসু নির্বাচনে ‘দুর্বার সাস্টিয়ান ঐক্য’ নামে প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির।
রোববার বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ২৩ সদস্যের এ প্যানেলের ঘোষণা দেন সংগঠনের প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ।
এতে সহসভাপতি (ভিপি) পদে বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী দেলোয়ার হাসান শিশির, সাধারণ সম্পাদক (জিএস) পদে একই শিক্ষাবর্ষের পুর ও পরিবেশ প্রকৌশল বিভাগের মুজাহিদুল ইসলাম এবং এজিএস পদে ২০১৯-২০ শিক্ষাবর্ষের সমাজবিজ্ঞান বিভাগের মোহাম্মদ শাকিল নির্বাচন করবেন।
প্যানেল থেকে ক্রীড়া সম্পাদক পদে নৃবিজ্ঞান বিভাগের মাহবুব হাসান অনু, সহক্রীড়া সম্পাদক পদে খাদ্য প্রকৌশল ও চা প্রযুক্তি বিভাগের আহমদ বিন কেফায়েত, সাহিত্য ও বার্ষিকী সম্পাদক পদে একই বিভাগের তামিম রিজওয়ান, সাংস্কৃতিক সম্পাদক পদে নৃবিজ্ঞান বিভাগের জাবের বিন আব্দুল খালেক, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে পেট্রোলিয়াম ও খনি প্রকৌশল বিভাগের ইবরাহিম বিন ইসলাম, ধর্ম ও সম্প্রীতি সম্পাদক পদে পরিসংখ্যান বিভাগের আসিফ ভূঁইয়া, সমাজসেবা সম্পাদক পদে সমাজকর্ম বিভাগের আজাদ শিকদার, ছাত্রী বিষয়ক সম্পাদক পদে পদার্থবিজ্ঞান বিভাগের আমিনা বেগম, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে সমাজকর্ম বিভাগের আলী আব্বাস শাহীন নির্বাচন করবেন।
এ ছাড়া আন্তর্জাতিক সম্পাদক পদে রসায়ন বিভাগের সাজ্জাদুর রহমান শিবলু, শিক্ষা গবেষণা ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদে সমুদ্রবিজ্ঞান বিভাগের শামসুল শায়ান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের আব্দুস সামাদ শান্ত, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে খাদ্য প্রকৌশল ও চা প্রযুক্তি বিভাগের সাজ্জাদুর রহমান শিবলু, পরিবহন বিষয়ক সম্পাদক পদে সমাজকর্ম বিভাগের মুহাম্মদ ইবরাহীম সৌরভ, ক্যাফেটেরিয়া ও ক্যান্টিন বিষয়ক সম্পাদক পদে সমাজকর্ম বিভাগের আসিফুর রহমান এবং আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক পদে পলিটিক্যাল স্টাডিজ বিভাগের বুরহান উদ্দিন নির্বাচন করবেন।
পাঁচটি সদস্য পদে নির্বাচন করবেন লোকপ্রশাসন বিভাগের সুমাইয়া নাভা, সমাজকর্ম বিভাগের আদিবা সালেহা, ইংরেজি বিভাগের শোয়াইব চৌধুরী, পেট্রোলিয়াম ও খনি প্রকৌশল বিভাগের মুস্তাফিজুর রহমান এবং পরিসংখ্যান বিভাগের জামিলুর রেজা সৈকত।
সংবাদ সম্মেলনে ইসলামী ছাত্রশিবিরের প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ বলেন, “এ পর্যন্ত পাঁচটি ছাত্রসংসদ নির্বাচন হয়েছে। এর মধ্যে চারটি নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিবিরের উপর আস্থা রেখেছে। আশা করি, শাকসু নির্বাচনেও শিক্ষার্থীরাও তাদের যোগ্য প্রতিনিধি নির্বাচিত করবেন।”
