জাল সনদের অভিযোগে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক বরখাস্ত
সনদের সত্যতা যাচাই করতে কর্তৃপক্ষ রয়েল ইউনিভার্সিটি অব ঢাকায় চিঠি পাঠায়।
জাল শিক্ষা সনদ ব্যবহার করে চাকরি নেওয়ার অভিযোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শারীরিক শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক সোহেল রানাকে সাময়িক বরখাস্ত করেছে প্রশাসন।
বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মো. ফেরদৌস রহমান এ তথ্য জানান।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, নিয়োগের সময় সোহেল রানা রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা থেকে অর্জিত স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রির সনদ জমা দেন। পরবর্তীতে সনদের সত্যতা যাচাই করতে কর্তৃপক্ষ রয়েল ইউনিভার্সিটি অব ঢাকায় চিঠি পাঠায়।
জবাবে রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা কর্তৃপক্ষ জানায়, তাদের প্রতিষ্ঠান থেকে সোহেল রানার নামে কোনো স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রির সনদ ইস্যু করা হয়নি। এরপর বিশ্ববিদ্যালয়ের তদন্তে অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়ায় তার বিরুদ্ধে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।
রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মো. ফেরদৌস রহমান বলেন, জাল সনদ সংক্রান্ত অন্যান্য অভিযোগও গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
