Published : 27 Apr 2026, 04:06 PM
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় কালবৈশাখী ঝড়ে বেশকিছু ঘরবাড়ি, গাছপালা ও ফসলের ক্ষেত লণ্ডভণ্ড হয়ে গেছে। এ সময় ঘরের ওপর গাছ ভেঙে নিচে চাপা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে।
মাত্র দেড় মিনিটের কালবৈশাখী ঝড়ে বেশকিছু মৌসুমি ফলের গাছ ভেঙে পড়েছে। ইরি ও বোরো ধানের ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
সোমবার ভোরে উপজেলার কয়ড়া, বাঙ্গালা, সলঙ্গা, রামকৃষ্ণপুর, পূর্ণিমাগাঁতী ও বড়পাঙ্গাসী ইউনিয়নের ওপর দিয়ে এ ঝড় বয়ে যায় বলে উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি জানান।
নিহত নাছিমা খাতুন (৪৫) উপজেলার দুর্গানগর ইউনিয়নের বালসাবাড়ি পুকুরপাড় এলাকার হাবিবুর রহমানের স্ত্রী। তিনি সরকারি খাস জমিতে তোলা একটি ছাপরা ঘরে বসবাস করতেন।

কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন বলেন, মাত্র দেড় মিনিটের কালবৈশাখী ঝড়ে বেশকিছু স্থানে ধান গাছ মাটিতে নুয়ে ফসলের আংশিক ক্ষতি হয়েছে। এ ছাড়া ৫ থেকে ৬টি ইউনিয়নে বেশকিছু মৌসুমি ফলের গাছসহ অন্যান্য গাছপালা ভেঙে পড়েছে।
উল্লাপাড়া থানার এসআই সারোয়ার হোসেন বলেন, ভোরে ঝড়ের সময় গাছ ভেঙে ঘরের ওপর পড়ে। এতে নিচে চাপা পড়ে নাছিমার মৃত্যু হয়। এ সময় ঘরে তার দুই শিশু সন্তান থাকলেও তাদের কিছু হয়নি।
ঘটনাস্থল পরিদর্শনের পর লাশ দাফনের অনুমতি দেওয়া হয় বলে জানান তিনি।