১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

নেত্রকোণায় ডাকাতির পর লুট করা মোবাইলের সূত্রে আটক ৩

ডাকাতের কবলে পড়লেও বাড়ি থেকে লুট হওয়া একটি মোবাইল ফোন সচল ছিল। সেটির সর্বশেষ লোকেশন ট্র্যাকিং করে অভিযান চালায় পুলিশ।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2026, 04:58 PM

Updated : 11 Sep 2026, 03:41 PM

নেত্রকোণার দুর্গাপুরে ডিবি পুলিশের পরিচয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। পরে লুট হওয়া মোবাইলের সূত্র ধরে তিনজনকে আটক করেছে পুলিশ। 

শনিবার রাত ২টার দিকে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের সিদ্দিকুর রহমান ওয়াদুদের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে বলে জানিয়েছেন দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ। 

ডাকাত দলের সদস্যরা বাড়ির লোকজনের হাত-পা বেঁধে প্রায় তিন লাখ টাকা, পাঁচ ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোন ও জামাকাপড় লুট করে নিয়ে যায়। 

তথ্যপ্রযুক্তির সহায়তায় আটকরা হলেন, হবিগঞ্জের বানিয়াচং উপজেলার রাজ কুমার (২৬), জামালপুর জেলার ইসলামপুর উপজেলার দিঘিরচর মুল্লাপাড়া গ্রামের আব্দুল হামিদ (৪৫) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার ছরনাল গ্রামের শাহীন আলম (৩৮)।

দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, “ডিবি পুলিশের পরিচয়ে ওই বাড়িতে ঢুকে ডাকাত দল। পরে খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ডাকাত ধরতে অভিযানে নামে পুলিশ। 

“ডাকাতের কবলে পড়লেও বাড়ি থেকে লুট হওয়া একটি মোবাইল ফোন সচল ছিল। সেটির সর্বশেষ লোকেশন ট্র্যাকিং করে জেলার কলমাকান্দা উপজেলার সিধলী এলাকা থেকে ভোর সাড়ে ৫টার দিকে ডাকাত দলের তিন সদস্যকে আটক করা হয়।” 

এ সময় আরও কয়েকজন পালিয়ে যায়, তাদের ধরতে অভিযান চালানো হচ্ছে।

ওসি আরও বলেন, থানায় ডাকাতি আইনে মামলার প্রস্তুতি চলছে। মামলার পর আটকদের গ্রেপ্তার দেখিয়ে সোমবার আদালতে সোপর্দ করা হবে।