নেত্রকোণায় ডোবায় ডুবে শিশুর মৃত্যু
কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় পানিতে ডুবে ১৪ মাস বয়সী এক শিশুর প্রাণ গেছে।
সোমবার সকালে বড়খাপন ইউনিয়নের বড়খাপন গ্রামে এ ঘটনা ঘটে বলে কলমাকান্দা থানার ওসি মো. সিদ্দিক হোসেন জানিয়েছেন।
শিশু হাবিবুর রহমান ত্বহা বড়খাপন গ্রামের আওলাদ মিয়া ও তানজিলা খাতুন দম্পতির ছেলে।
ওসি সিদ্দিক হোসেন বলেন, “সকালে শিশুটির মা ঘরে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় ত্বহা বাড়ির পাশের একটি ছোট ডোবায় পড়ে যায়। কিছু সময় পর শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।
“এক পর্যায়ে ডোবা থেকে শিশুটিকে উদ্ধার করে দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।”
কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সুমন বলেন, “হাসপাতালে আনার আগেই শিশুটি মারা গেছে।”
