১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নোয়াখালীতে খাল খননের সময় বেরিয়ে এল মর্টার শেল

মর্টার শেলটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার হতে পারে বলে ধারণা করছে পুলিশ।

নোয়াখালীতে খাল খননের সময় বেরিয়ে এল মর্টার শেল
নোয়াখালীর সোনাইমুড়ীতে খাল খননের সময় পাওয়া মর্টার শেল।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2026, 10:01 PM

Updated : 26 Aug 2026, 03:30 PM

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় খাল খননের সময় পুরোনো একটি মর্টার শেল উদ্ধার করেছেন শ্রমিকরা।

ঘটনার দুই দিন পর সোমবার দুপুরে উপজেলার জয়াগ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আজহার আলীর বাড়ি থেকে মর্টার শেলটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন সোনাইমুড়ী থানার ওসি কবির হোসেন। 

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, শনিবার জয়াগের দৈয়ারা গ্রামের মানিক মিস্ত্রির বাড়ির পাশে খাল থেকে মাটি কেটে তুলছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় হঠাৎ একটি শক্ত বস্তুর সন্ধান পান তারা। কৌতূহলবশত সেটি পরিষ্কার করলে ‘মর্টার শেল’ দৃশ্যমান হয়। 

পরে তারা মর্টার শেলটি বাড়িতে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনার দুই দিন পর আজহার আলীর বাড়ি থেকে মর্টার শেলটি উদ্ধার করে।

ওসি কবির হোসেন বলেন, দীর্ঘদিনের পুরোনো মর্টার শেলটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার হতে পারে বলে ধারণা করা হচ্ছে। শ্রমিকরা মর্টার শেলটির বিষয়ে ভালোভাবে কিছু না জানার কারণে বাড়িতে নিয়ে যান। 

তিনি বলেন, মর্টার শেলটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে। বিষয়টি ঢাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বোম ডিসপোজাল টিম আসার পর মর্টার শেলটি নিষ্ক্রিয় করা হবে। 

এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।