বুধবার দুপুরে টঙ্গী থানার দলীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবকলীগের মতবিনিময় সভায় বক্তব্য দেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
Published : 03 May 2023, 09:38 PM
দলের ছায়ায় না থাকলে কোনো নেতার মূল্য থাকে না বলে মনে করেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও গাজীপুর সিটি নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
বুধবার গাজীপুরে এক অনুষ্ঠানে তিনি বলেন, “আওয়ামী লীগে থাকা অবস্থায় যে কেউ হিরো থাকেন, কিন্তু আওয়ামী লীগ থেকে যদি কাউকে বাদ দেওয়া হয় বা ছেড়ে দেয় তাহলে সে জিরো হয়ে যায়।”
বুধবার দুপুরে টঙ্গীর থানার দলীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবকলীগের মতবিনিময় সভায় সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমের প্রসঙ্গে তিনি এ কথা বলেন।
গাজীপুর সিটি নির্বাচন নিয়ে মায়া বলেন, “আওয়ামী লীগের কোনো বিদ্রোহী প্রার্থী নির্বাচনের মাঠে থাকতে পারবে না।”
আগামী ৯ মে থেকে প্রতিটি ওয়ার্ড, পাড়া ও মহল্লায় নৌকার জন্য ভোট চাইতে নেতা-কর্মীদের নির্দেশ দেন তিনি।
জাহাঙ্গীর আলমকে উদ্দেশ্য করে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, “জনগণ আওয়ামী লীগকে ভালোবাসে। আওয়ামী লীগের ছায়াতল থেকে বের হয়ে দেখুন একজন কর্মীও খুঁজে পাবেন না আপনার পেছনে।”
এবার নৌকার বিরোধিতা যে করবে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুশিয়ারি দিয়েছেন দলের সভাপতিমণ্ডলীর এই সদস্য।
স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, ডাকসুর সাবেক ভিপি, সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আক্তারুজ্জামান, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কাজী শহীদুল্লাহ লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মেহেদী হাসান মোল্লা, উপ-দপ্তর সম্পাদক রাহুল দাস, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক মো. শফিকুল ইসলাম শফিক।