১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

পলাশবাড়ী আওয়ামী লীগ কার্যালয়ে হামলা, ‘লুট হল’ জানালার গ্রিলও

“চৌমাথা মোড়ে ছাত্র-জনতার কর্মসূচি চলছিল। এর মধ্যে আওয়ামী লীগের কার্যালয়ে হামলার খবর পাই,” বলেন ওসি।

পলাশবাড়ী আওয়ামী লীগ কার্যালয়ে হামলা, ‘লুট হল’ জানালার গ্রিলও
পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে শনিবার ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2025, 12:12 AM

Updated : 26 Aug 2026, 12:41 PM

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর ও আগুন দেওয়ার তথ্য দিয়েছে পুলিশ। 

কার্যালয়টির অবস্থান উপজেলা পরিষদসংলগ্ন বঙ্গবন্ধু মার্কেট ভবনের দ্বিতীয় তলায়।

শনিবার বিকাল ৫টার দিকে সেখানে হামলা হওয়ার তথ্য কথা বলেন পলাশবাড়ী থানার ওসি জুলফিকার আলী ভুট্টু।

তিনি বলেন, এদিন বিকালে চৌমাথা মোড়ে ‘ছাত্র-জনতার ব্লকেড ও অবস্থান কর্মসূচি’ চলছিল।

“এর মধ্যে হঠাৎ করে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে হামলার খবর পাই। হামলাকারীরা তালা ভেঙে সেখানে থাকা চেয়ার-টেবিল বের করে আগুন দিয়ে চলে যায়। তবে হামলাকারীদের পরিচয় তাৎক্ষণিক কেউ জানাতে পারেনি।”  

পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে শনিবার ভাঙচুরের পর জানালার গ্রিল হাতে দুই কিশোর।

পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে শনিবার ভাঙচুরের পর জানালার গ্রিল হাতে দুই কিশোর।

হামলার সময় মোবাইলে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, কাঁধে ব্যাগ থাকা দুজনের মধ্যে একজন সাদা শার্ট পরা। তাদেরকে জানালার গ্রিল হাতে নিয়ে হেঁটে যেতে দেখা যায়। 

জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক মাসুদ রানা শেখ বলেন, “আওয়ামী লীগকে নিষিদ্ধ, ফ্যাসিবাদের দোসরদের পালিয়ে যাওয়ার প্রতিবাদ ও জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবিতে শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি শেষ হয়। 

“এ কর্মসূচিতে অংশ নেওয়া কেউ আওয়ামী লীগের কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত নন।”

পলাশবাড়ী উপজেলা যুব জামায়াতের সভাপতি শামীম হোসেন বলেন, “অবস্থান কর্মসূচিতে ছাত্রশিবিরের নেতাকর্মীরাও অংশ নেন। তবে তারা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় জড়িত নয়।”