১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

যমুনা সেতুতে ৫৬ হাজার যান পারাপার, ৩ কোটি ৮২ লাখ টাকা টোল

ঈদযাত্রায় যমুনা সেতুর দুই পাশ দিয়ে নয়টি করে মোট ১৮ বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2026, 04:43 PM

Updated : 26 Aug 2026, 03:42 PM

কোরবানির ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। এতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহন সংখ্যা কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে।

যমুনা সেতু দিয়ে ২৪ ঘণ্টায় ৫৬ হাজার ২৩৯টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৮২ লাখ ৯৭ হাজার টাকা।

বুধবার সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন এ তথ্য জানান।

যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সেতুতে ৫৬ হাজার ২৩৯টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ৩৬ হাজার ৪২৬টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ২১ লাখ ৪ হাজার ২০০ টাকা। 

অপরদিকে ঢাকাগামী ১৯ হাজার ৮১৩টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৬১ লাখ ৯২ হাজার ৮৫০ টাকা। এতে মোট টোল আদায় হয়েছে ৩ কোটি ৮২ লাখ ৯৭ হাজার টাকা।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, ঈদযাত্রায় যমুনা সেতুর দুই পাশ দিয়ে নয়টি করে মোট ১৮ বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এর মধ্যে আলাদা করে দুটি করে বুথ দিয়ে মোটারসাইকেল পারাপার হচ্ছে।