২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

বগুড়ায় একই স্থানে ২ যুবককে কুপিয়ে খুন

“হোসেনকে আহত অবস্থায় উদ্ধার করা গেলেও শরীফ ও রোমানের ঘটনাস্থলেই মৃত্যু হয়।”

বগুড়ায় একই স্থানে ২ যুবককে কুপিয়ে খুন
প্রতীকী ছবি

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2024, 02:52 PM

Updated : 26 Aug 2026, 09:48 AM

বগুড়ায় ঈদের রাতে দুই যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তাদের এক বন্ধু।

সোমবার রাত দেড়টার দিকে শহরের নিশিন্দারা চকর পাড়া এলাকায় এই জোড়া হত্যাকাণ্ড ঘটে বলে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার জানান।

নিহতরা হলেন- দুদু মিয়ার ছেলে শরীফ (২৪) ও শফিকুল ইসলামের ছেলে রোমান (২৩)। তারা ওই এলাকারই বাসিন্দা।

নিশিন্দারা চকর পাড়া এলাকার আশরাফ আলী বলেন, ঈদের রাত দেড়টার দিকে তারা চকরপাড়া এলাকার একটি গলিতে গোলাগুলির শব্দ শুনতে পান। কিছুক্ষণ পর তারা বেরিয়ে দেখেন গলির মুখে শরীফ ও রোমানের মরদেহ পাশাপাশি রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। এ সময় তাদের বন্ধু হোসেনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।

নিহত শরীফের বাবা দুদু মিয়া বলেন, “বাসায় রাতের খাবার খাওয়ার পরপরই কেউ একজন শরীফের মোবাইলে ফোন করে। এর পরপরই সে বাসা থেকে বেরিয়ে যায়।

“পরে এলাকায় গোলাগুলির শব্দ শুনে আমরা বাইরে গিয়ে দেখি ১৫-২০ জনের একটি দল শরীফ, রোমান ও হোসেনকে কুপিয়ে জখম করছে। পরে তারা তিনজনকে রক্তাক্ত অবস্থায় ফেলে যায়।” 

হোসেনকে আহত অবস্থায় উদ্ধার করা গেলেও শরীফ ও রোমানের ঘটনাস্থলেই মৃত্যু হয় বলে জানান দুদু মিয়া। 

কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনা তদন্তে পুলিশের বিভিন্ন ইউনিট মাঠে রয়েছে।